বাংলাদেশের সাথে জনমুখী সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত : হাইকমিশনার

‘আজকের বৈঠকে আমি পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী।’

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা |পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে ভারত আগ্রহী এবং সকল খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে চায়।’

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘আজকের বৈঠকে আমি পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। আমি এ বার্তা জানিয়েছি, আমরা সকল ক্ষেত্রে জনমুখী সহযোগিতা জোরদার করতে চাই, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী হয়ে একসাথে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে আমার প্রথম বৈঠক। তাই এটি মূলত সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময় ছিল।’

সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ প্রসঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন।’

তিনি বলেন, ‘১৩ ফেব্রুয়ারি, নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। সেদিন তাদের মধ্যে ফোনালাপও হয়েছে।’

তিনি আরো বলেন, ‘১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন আমাদের লোকসভার স্পিকার, তিনি ভারতের সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন আমাদের স্পিকার।’

‘এসব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছি এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা জানিয়েছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছি,’ বলেন প্রণয় ভার্মা।

নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করে হাইকমিশনার বলেন, ‘ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরো সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র : বাসস