মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষ্যে উপজেলা পর্যায়ের এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে সাটুরিয়া মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন। ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মো: মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল মসজিদের কেয়ারটেকার মাওলানা মো: হাবিবুল্লাহ এবং মডেল মসজিদের ইমাম মুফতি মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: ইকবাল হোসেন বলেন, ‘আপনারা যারা ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমাম রয়েছেন, জুমার নামাজের খুতবার পূর্বে সাধারণ মানুষ আপনাদের কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তাই সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে বিত্তবানদের উৎসাহিত করতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।’
তিনি আরো উল্লেখ করেন, ‘সাটুরিয়া উপজেলা থেকে সংগৃহীত যাকাতের টাকা পুনরায় এই উপজেলারই হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর কল্যাণে ব্যয় করার জন্য ফেরত আসে।’
তাই এই মহৎ উদ্যোগে ধর্মীয় শিক্ষক ও ইমামদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সেমিনারে সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং ধর্মীয় শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারি ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহের গুরুত্ব এবং এর সঠিক বণ্টন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



