নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর এবং জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রে পরিণত করতে সংসদের কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস’ (আইএফইএস) বাংলাদেশ-এর একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে দলটির পক্ষ থেকে এই প্রস্তাবনা দেয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সভায় অংশ নেয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও টেকসই করতে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারেও তারা একমত পোষণ করেন।
মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, ‘জুলাই আন্দোলনের পর ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও কার্যকর করতে হবে। আমরা চাই সংসদই হবে দেশের সকল সমস্যা সমাধানের প্রধান জায়গা, যেখানে সরকার ও বিরোধী দল সমান গুরুত্ব নিয়ে ভূমিকা পালন করবে।’
তিনি আরো জানান, বৈঠকে সংসদের কার্যপ্রণালী বিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আইএফইএস প্রতিনিধিদল এই আলোচনার ভিত্তিতে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করবে।
সংসদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না। এ ছাড়া গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ এবং সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘সংসদে প্রশ্নোত্তর ও প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে সরকারি দলের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’ এ ছাড়া সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জামায়াতের প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট শিশির মনির এবং জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।



