রাশিদুল ইসলাম
সংস্কার নিয়ে সমঝোতার সম্ভাবনা বেশ কঠিন মনে করেন বিশিষ্ট আইনজ্ঞ শাহদীন মালিক। নয়া দিগন্তকে তিনি বলেন, মই বেয়ে চাঁদে উঠার চেষ্টা করা যায় তবে তা সম্ভব কী না সেটিই আসল বিষয়। আইনের একটা ব্যাকরণ আছে, বেসিক নিয়মকানুন সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে সংস্কার নিয়ে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য না। ঐকমত্য কমিশনে যে ছয়জন বসেছিলেন তাদের মধ্যে কারোরই ল’ ব্যাকগ্রাউন্ড ছিল না। এখন আমাকে, আপনাকে আমাদের ছয়জনকে বসিয়ে দিয়ে বললেন যে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র কেমন করে বানাবে, তো আমরা কী বলব, হাতুড়ি দিয়ে পিটিয়ে তো সব কিছু ঠিক করা যায়। কয়েকটা হাতুড়ি জোগার করে পিটানো শুরু করলেই কি পারমাণবিক বোমা তৈরি হয়ে যাবে।
নয়া দিগন্ত : সংস্কার নিয়ে সমাধানটা কোথায়?
শাহদীন মালিক : এ সমস্যার আইনগত কোনো যৌক্তিক সমাধান নাই। কেউ তো আসলে না জেনে না বুঝে... দুনিয়াতে কোথাও এমন নির্বুদ্ধিতা হয় নাই।
নয়া দিগন্ত : সমঝোতায় ফিরে আসার পথ কি?
শাহদীন মালিক : ফিরে আসা সম্ভব নয়। আপনি মই বেয়ে চাঁদে যেতে চান। আমাকে যদি প্রশ্ন করেন চাঁদে কেমনে যাব? ল’ সোশ্যাল সাইন্স নয়। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার টেস্ট করল, টেস্ট করে দেখল কী রোগ আছে, আপনাকে ওষুধ দিয়ে দিলো। কিন্তু সমাজবিজ্ঞান তো ওই বইটা না। এই পার্থক্য তো কেউ বুঝে না।
নয়া দিগন্ত : সংস্কার নিয়ে সরকারি ও বিরোধী দলের কী করা উচিত, সংলাপে বসা...
শাহদীন মালিক : তারা বুঝুক কী করা উচিত। আমি সমস্যা জানি, সমাধান জানি না। তারা কী করবে, এত লোক আছে, এত বড় দল আছে, অভিজ্ঞ লোক আছে, তারা বুঝবে।
নয়া দিগন্ত : সংস্কার নিয়ে সঙ্ঘাতের শঙ্কা পাচ্ছে অনেকে।
শাহদীন মালিক : সংবিধান সম্পর্কে ন্যূনতম ধারণা তো থাকতে হবে। সংস্কার করার আগে সংবিধান সম্পর্কে কোনো ধারণাই না থাকে, আমেরিকা আড়াই শ’ বছর ধরে সাতটা অনুচ্ছেদ, এগারো পৃষ্ঠার সংবিধান নিয়ে গণতন্ত্র চর্চা করছে, ইংল্যান্ডে কোনো সংবিধান নাই। কানাডায় কোনো সংবিধান নাই, অনেক দেশের সংবিধান নাই। কিন্তু আমাদের রাজনীতিতে প্রথমেই ধরা হয়েছে সংবিধান। সংবিধান না সমস্যা হলো রাজনীতি। সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই। এখন লোকে আইন মানে না, তখন আপনি দোষ দেবেন আইনের। সংবিধান ভালো করে লেখলেই যদি সমাধান হয়ে যেত তা হলে দুনিয়াতে কি কোনো দেশ থাকতো যেখানে গণতন্ত্র নাই, জবাবদিহিতা নাই, দুনিয়ায় এক দেশের সংবিধান বের করে দেখান যেখানে খারাপ কথা লেখা আছে। সংবিধান ইস্যু না এটাই তো বুঝতে পারছে না কেউ।
নয়া দিগন্ত : রাজনৈতিক বোঝাপড়াটাই জরুরি।
শাহদীন মালিক : বোঝাপড়া হবে ক্যামনে? আপনি কম্যুনিস্ট পার্টিতে বিশ্বাস করেন, আমি হোয়াটইভার জামায়াতে ইসলামীতে বিশ্বাস করি, একজন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে বিশ্বাস করে, আরেকজন আওয়ামী লীগে বিশ্বাস করে, একজন বিএনপিতে বিশ্বাস করে, আইনে কি সমঝোতা সম্ভব?
নয়া দিগন্ত : দেশকে এগিয়ে নিতে তো হবে।
শাহদীন মালিক : যারা দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব নিয়েছে তাদের এগিয়ে নিতে দেন। সক্রেটিস আড়াই হাজার বছর আগে বলেছিলেন, যে যত কম জানে তার কাছে সমাধান তত বেশি থাকে। এটা তো আমরা কেউ বুঝতে পারি না। যে যত কম জানে তার কাছে তত বেশি সমাধান আছে। ঢাকা শহরে ট্রাফিক সমস্যার সমাধান কিভাবে হবে এইটা জানে না এমন লোক কি ঢাকা শহরে আছে?



