মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের কমান্ডার লে: কর্নেল (অব:) কাজী নুরুজ্জামান, বীর উত্তমের ১৫ম মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
মুক্তিযুদ্ধ শুরুর কয়েক বছর আগে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিলেও ২৫ মার্চের গণহত্যা তাকে রণক্ষেত্রে স্বভূমিকায় নিয়ে আসে। যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে তার যুদ্ধ মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরও চলতে থাকে।
তার জন্ম মার্চ ২৪, ১৯২৫-এ যশোর জেলায়। বাবা কাজী সদরুল ওলা এবং মা রাতুবান্নেসা। কলকাতার সেন্ট জেভিয়ার’স কলেজে রসায়নে পড়াশোনা শেষ করে নুরুজ্জামান ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৪৩ সালে। ব্রিটিশ নৌবাহিনীর সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ও সুমাত্রা উপকূলে যুদ্ধ করেন। ১৯৪৬ সালে জওহরলাল নেহরুর আহ্বানে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং দেরাদুনস্থ ভারতীয় সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত হন।
দেশ বিভাজনের পর পরিবারের সাথে পাকিস্তান চলে যাওয়ার কারণে নুরুজ্জামান পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। জেনারেল আইয়ুব খানের মার্শাল ল’ শুরুর সময়ে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের ব্যবস্থাপনার জন্য তাকে নিয়োগ দেয়া হয়। ১৯৬৫ সালের যুদ্ধের সময় নুরুজ্জামান সাময়িকভাবে সেনাবাহিনীতে ফিরে আসেন। বিজ্ঞপ্তি।



