হিমির নতুন দুই নাটক

Printed Edition
হিমির নতুন দুই নাটক
হিমির নতুন দুই নাটক

সাকিবুল হাসান

দু’জনের সাথেই সাধারণত বেশি অভিনয করেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একজন হচ্ছেন মোশাররফ করিম অন্যজন নিলয় আলমগীর। এরই মধ্যে মোশাররফ করিমের সাথে হিমির নতুন একটি নাটক প্রকাশিত হয়েছে। নাম ‘সুবিধাবাদী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি প্রকাশের পরপরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এদিকে কয়েক দিনের মধ্যেই ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে মহিন খান রচিত ও পরিচালিত আরো একটি নাটক ‘কানে কম মনে বেশি’। এই নাটকে হিমির সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর। হিমি বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সাথে এর আগেও বহু নাটকে অভিনয় করেছি। বলা যায় প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। সুবিধাবাদী-নাটকটিতে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। মাত্র তো কয়েক দিন হলো নাটকটি রিলিজ হয়েছে। দিন দিন এই নাটকের জনপ্রিয়তা আশা করছি বাড়বে। নিলয় ভাইয়ের সাথেও জুটি হিসেবে দর্শক একটু বেশিই পছন্দ করেন। তার সাথেও আমার অনেক জনপ্রিয় নাটক রয়েছে। কানে কম মনে বেশি-নাটকটির গল্পটা সুন্দর। যথারীতি মহিন ভাই যেমন অসাধারণ গল্প লিখেছেন ঠিক তেমনি অনেক যতœ নিয়ে দুটো নাটকই নির্মাণ করেছেন। মহিন ভাইয়ের অনেক নাটকে অভিনয় করেছি। বেশির ভাগ নাটকই বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামনে আরো বেশ কিছু কাজ আছে।’ এদিকে কিছু দিন আগে পরপর প্রকাশিত তিন নাটকে অভিনয় করেও ভীষণ সাড়া পেয়েছেন হিমি। তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ ডিজিটাল হাবলু’। অভিনয়ে প্রতিষ্ঠা পেলেও তার শুরুটা হয়েছিল নাচ, গান ও আবৃত্তি দিয়ে। ছোটবেলায় সাধনা মিত্রের কাছে তার গানে হাতেখড়ি। এরপর কচিকাঁচায় এবং ছায়ানটে গান শিখেছেন। পরবর্তীতে ফেরদৌস আরার কাছে তিনি গানে তালিম নেন। চেয়েছিলেন গায়িকা হতে, কিন্তু বড় হয়ে অভিনয়ের দিকেই ঝুঁকে পড়েন। চ্যানেল আইতে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে শুরুতে আলোচনায় আসেন হিমি। ‘হঠাৎ দেখা’ ছিল তার প্রথম সিনেমা। এটি কলকাতার সিনেমা। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পর তিনি প্রথম মৌলিক গান গেয়েছেন ‘পরাণ পাখি’ নাটকে। একই শিরোনামের গানটি গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন হিমি। পরবর্তীতে ইত্যাদিতে ‘তুমি আমায় ভালোবেস’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। সবশেষ গেল ভালোবাসা দিবসে প্রকাশিত হয় ‘দুজন দুজনার’ শিরোনামে একটি গান।