ভারতের ৪০ শতাংশ মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার আসামি

Printed Edition

এনডিটিভি

ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জন ফৌজদারি মামলার আসামি। অর্থাৎ মোট মুখ্যমন্ত্রীর প্রায় ৪০ শতাংশই বিভিন্ন অপরাধমূলক মামলায় জড়িত। গণতন্ত্র ও নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানায়।

ভারতের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত দুই অঞ্চল, দিল্লি ও পদুচেরি, মিলিয়ে বর্তমানে মুখ্যমন্ত্রীর সংখ্যা ৩০ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির বিরুদ্ধে। তার নামে মোট ৮৯টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, যার বিরুদ্ধে ৪৭টি মামলা চলছে। তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (১৯টি মামলা) এবং চতুর্থ স্থানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াহ (১৩টি মামলা)। পঞ্চম স্থানে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, যার নামে রয়েছে পাঁচটি মামলা। এ ছাড়া কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ, হিমাচলের সুখবিন্দর সিং এবং পাঞ্জাবের ভগবন্ত মানের বিরুদ্ধেও ফৌজদারি মামলা রয়েছে। এডিআরের রিপোর্টে আরো বলা হয়েছে, অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্তত ১০ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ঘুষ ও ভয়-ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ আছে।