হালকা বৃষ্টি, আকাশ মেঘলা, বৃষ্টিপাত, আবহাওয়া অধিদফতর, ঢাকার তাপমাত্রা, নদীবন্দর, সতর্কবার্তা
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসাথে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সংস্থাটির এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সঙ্কেতও দেখাতে হবে না বলে জানিয়েছে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র।