বৃষ্টি
ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ছবি: আতাউর রহমান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

এদিকে আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় নদীবন্দরগুলোতে কোনো সঙ্কেতও দেখাতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।