
বাংলাদেশের যুবসমাজ দেশের সবচেয়ে বড় কর্মক্ষম সম্পদ। অথচ এই সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) উদ্ধৃত তথ্যানুযায়ী, দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী যুবকের সংখ্যা প্রায় তিন কোটি ১৬ লাখ। তাদের মধ্যে প্রায় ১৯ দশমিক ৫৪ শতাংশ শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ— কোনোটির সাথে যুক্ত নন। অর্থাৎ প্রায় ৫৫ লাখ তরুণ-তরুণী এই শ্রেণীভুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যেও বেকারত্বের হার উদ্বেগজনক।
প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে শিক্ষিত বেকারত্বের পাশাপাশি বাড়ছে অনিশ্চয়তা, হতাশা ও সামাজিক ঝুঁকি। তরুণদের একটি অংশ মাদক, অনলাইন জুয়া ও অপরাধপ্রবণতার দিকে ঝুঁকছে। এই পরিস্থিতি মোকাবেলায় শুধু চাকরির আশ্বাস যথেষ্ট নয়; প্রয়োজন উৎপাদনমুখী কর্মসংস্থানের বাস্তব সুযোগ। কিন্তু এত বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগানোর নতুন ক্ষেত্র কোথায়? বাংলাদেশের নদী অববাহিকা ও উপকূলীয় চরাঞ্চল হতে পারে সেই উত্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
একাধিক জরিপে বাংলাদেশে চরভূমির সংখ্যা এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০টি। এগুলোর আয়তন প্রায় আট লাখ ৩০ হাজার হেক্টর বলে উল্লেখ করা হয়েছে। দেশের মোট ভূমির তুলনায় এটি উল্লেখযোগ্য পরিমাণ। এসব এলাকায় প্রায় ৬৫ লাখ মানুষের বসবাস ও জীবিকা চরনির্ভর। দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় চরভিত্তিক কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনের বহু ইতিবাচক উদাহরণও আছে।
রংপুর অঞ্চলের পাঁচ জেলায় ৮২ হাজার হেক্টরের বেশি চরভূমিতে বছরে প্রায় ছয় লাখ টন ফসল উৎপাদনের তথ্য এ সম্ভাবনা আরো স্পষ্ট করে। ভুট্টা, মরিচ, চিনাবাদাম, তিল, গম, সরিষা, পেঁয়াজ, রসুন, ডাল ও বিভিন্ন সবজি চাষে চরাঞ্চল ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একটি বিষয় মনে রাখা দরকার— সব চর কৃষির জন্য উপযোগী নয়। আবার সব চর একই ধরনের উৎপাদনে উপযুক্তও নয়। কোথাও বালুময় মাটি, কোথাও উর্বর পলিমাটি, কোথাও লবণাক্ততা, আবার কোথাও নিয়মিত প্লাবনের ঝুঁকি আছে। তাই চর উন্নয়নের পরিকল্পনা হতে হবে স্থানভিত্তিক ও বৈজ্ঞানিক। চরাঞ্চলকে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আনতে হলে প্রতিটি এলাকার মাটি, পানির প্রাপ্যতা, লবণাক্ততা, বন্যা ও ভাঙনের ঝুঁকি বিবেচনায় নিতে হবে। একই পরিকল্পনা সব চরে প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
নদীবেষ্টিত স্থিতিশীল ও উর্বর চরে ভুট্টা, বাদাম, তিল, সরিষা, ডাল, মরিচ ও শীতকালীন সবজি চাষ সম্প্রসারণ করা যেতে পারে। উপকূলীয় অঞ্চলে লবণসহিষ্ণু ফসল, তরমুজ, সূর্যমুখী ও উপযোগী ফলের বাগান গড়ে তোলার সুযোগ আছে। পাশাপাশি আধুনিক সেচ, উন্নত বীজ এবং কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে।
মৎস্যসম্পদ উন্নয়নেও চরাঞ্চলের আছে বিশেষ সম্ভাবনা। নদী, খাল, বিল ও প্লাবনভূমি কাজে লাগিয়ে উপযোগী স্থানে মাছের খাঁচা, পুকুরভিত্তিক চাষ এবং দেশী মাছের অভয়াশ্রম গড়ে তোলা যায়। উপকূলীয় এলাকায় পরিবেশগত উপযোগিতা বিবেচনায় চিংড়ি ও কাঁকড়া চাষও সম্প্রসারণ করা সম্ভব।
অন্যদিকে চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসভূমি গবাদিপশু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি পালনের জন্য কাজে লাগানো যেতে পারে। ছোট ডেইরি ফার্ম, দুধ সংগ্রহকেন্দ্র এবং মাংস ও ডিম উৎপাদনভিত্তিক উদ্যোগ স্থানীয় মানুষের আয় বাড়াতে পারে। কৃষি উৎপাদনের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের ব্যবস্থা গড়ে তোলা যায়। কারণ উৎপাদন বাড়লে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয় না; উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য এবং বাজারে পৌঁছানোর সুযোগও নিশ্চিত করতে হয়। তবে নতুন চর দখল বা নির্বিচারে কৃষিকাজ শুরু করা সমাধান নয়। প্রথমে ভূমির স্থায়িত্ব ও পরিবেশগত উপযোগিতা যাচাই করা দরকার। যেখানে প্রয়োজন, সেখানে ম্যানগ্রোভ, ঝাউ ও স্থানীয় উপযোগী উদ্ভিদের মাধ্যমে প্রাকৃতিক প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। বনভূমি, জীববৈচিত্র্য ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণকে উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে।
আসলে চরাঞ্চলের সম্ভাবনাকে কর্মসংস্থানে রূপান্তরের প্রধান শর্ত হচ্ছে স্থানীয় যুবকদের দক্ষ করে তোলা। শুধু জমি বা ঋণ দিলে হবে না; উৎপাদন, প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং বাজার সম্পর্কে বাস্তব জ্ঞান দিতে হবে। প্রতিটি বড় চরগুচ্ছে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। এক্ষেত্রে তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ, বীজ সংরক্ষণ, সেচ ব্যবস্থাপনা, খামার পরিচালনা, সৌরবিদ্যুৎ, কৃষিযন্ত্র এবং ডিজিটাল বিপণনের ওপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রাথমিক মূলধন দিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরুর সুযোগ করে দিতে হবে।
এ জন্য সমবায় বা কৃষক উৎপাদক সংগঠন কার্যকর ভূমিকা রাখতে পারে। ১০ থেকে ২০ যুবক মিলে একটি উৎপাদক দল গঠন করে জমি লিজ নিতে, যৌথভাবে উৎপাদন করতে এবং সরাসরি বাজারে পণ্য সরবরাহ করতে পারেন। এতে উৎপাদন ব্যয় কমবে। দর-কষাকষির ক্ষমতা বাড়বে। মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে।
অর্থায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চরাঞ্চলের যুব উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে কৃষি ও ক্ষুদ্র উদ্যোগ ঋণের ব্যবস্থা করতে হবে। বিদ্যমান কৃষিঋণ নীতিমালার আওতায় উপযুক্ত সুদ বা মুনাফায় ঋণ, সহজ কিস্তি এবং প্রয়োজন অনুযায়ী জামানতবিহীন অর্থায়নের সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের ঝুঁকি বিবেচনায় কৃষি ও খামার বীমা চালু করা প্রয়োজন।
বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিতে থাকা তরুণদের জন্য এ উদ্যোগ হতে পারে নতুন জীবনের সুযোগ। মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা থেকে ফিরে আসতে আগ্রহী যুবকদের কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সাথে যুক্ত করতে হবে। উৎপাদনশীল কাজের সুযোগ সৃষ্টি সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায়ও সহায়ক হবে।
চরাঞ্চলের উন্নয়ন কোনো একক মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। কৃষি মন্ত্রণালয়কে উপযোগী ফসল, উন্নত বীজ ও প্রযুক্তি সরবরাহে নেতৃত্ব দিতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে মাছ, গবাদিপশু ও পোলট্রিভিত্তিক উৎপাদন সম্প্রসারণে কাজ করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব হবে চরভূমির ডিজিটাল জরিপ, মালিকানা ও বন্দোবস্তের স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভূমিহীন ও বেকার যুবকদের অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি লিজের ব্যবস্থা করা। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে নদীশাসন, প্রয়োজনীয় বাঁধ ও ভাঙন নিয়ন্ত্রণে কাজ করতে হবে। যুব উন্নয়ন অধিদফতর ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রশিক্ষণ দেবে। পিকেএসএফ, ব্যাংক এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়নে অংশ নিতে পারে। এসব উদ্যোগের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় চর উন্নয়ন ও যুব কর্মসংস্থান টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এর কাজ হবে চরভিত্তিক পরিকল্পনা, বিনিয়োগ, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাস্তবায়নের অগ্রগতি তদারক করা।
চরাঞ্চলের অর্থনীতি চাঙ্গা করতে হলে পাঁচ বছরে বাস্তবায়নের একটি পথনকশা এই লেখায় উপস্থাপন করা হলো:
প্রথম ছয় মাসে দেশের চর ও ডুবোচরগুলোর ডিজিটাল মানচিত্র তৈরি, ভূমির স্থায়িত্ব যাচাই, মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা এবং সম্ভাব্য উৎপাদন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। পরবর্তী ছয় থেকে ১৮ মাসে ১০টি জেলার ২০টি উপযোগী চরকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে নির্বাচন করা যেতে পারে। সেখানে প্রশিক্ষণকেন্দ্র, উৎপাদক সংগঠন, সহজ ঋণ এবং বাজারসংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে অন্তত ১০ হাজার যুবককে এ উদ্যোগে সম্পৃক্ত করার লক্ষ্য নেয়া যেতে পারে। পরীক্ষামূলক প্রকল্পের ফল মূল্যায়ন করে পরবর্তীতে দেশের অন্যান্য উপযোগী চরাঞ্চলে কর্মসূচি সম্প্রসারণ করা যেতে পারে। পাশাপাশি কোল্ড স্টোরেজ, নৌপরিবহন, সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানি, যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। এসব অবকাঠামো ছাড়া চরাঞ্চলের উৎপাদনকে টেকসই ব্যবসায় রূপ দেয়া কঠিন। বাংলাদেশের উন্নয়নচিন্তায় চরাঞ্চলকে আর প্রান্তিক ভূখণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এসব অঞ্চল খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন এবং যুব উদ্যোক্তা তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। তবে মনে রাখতে হবে, নদীর চর স্থায়ী ভূমির মতো নয়। কোথাও চর জেগে ওঠে, কোথাও ভেঙে যায়। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগে ভূমির স্থায়িত্ব, পরিবেশগত ভারসাম্য এবং স্থানীয় মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নের সুফল যেন ভূমিহীন ও প্রকৃত চরবাসীর কাছে পৌঁছায়, তাও নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশের সামনে এখন প্রয়োজন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করা। সেই সাথে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার। নদী আমাদের নতুন ভূমি দিচ্ছে, আর তরুণসমাজ দিচ্ছে কর্মশক্তি। এ দুইয়ের সম্ভাবনা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে চরাঞ্চল শুধু কৃষি উৎপাদনের ক্ষেত্র থাকবে না; হয়ে উঠবে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক রূপান্তরের নতুন ঠিকানা। সিদ্ধান্ত এখন আমাদের— নদীতে জেগে ওঠা চরকে অবহেলায় পড়ে থাকতে দেবো, নাকি সেই চর কাজে লাগিয়ে গড়ে তুলব নতুন কর্মসংস্থান ও সমৃদ্ধির বাংলাদেশ।
লেখক : কৃষিবিদ ও ব্যাংকার
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








