
১১ নভেম্বর ‘ভেটেরান্স ডে’ হিসেবে পালিত হয়। রাওয়া ১৪ নভেম্বর এই দিনটি উপলক্ষে নানা আয়োজন করেছে।
এটি কেবল অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের স্মরণ ও সম্মান জানানোর দিন নয়; এটি আমাদের সামরিক জীবনের গৌরবময় ইতিহাস, আত্মত্যাগ, শৃঙ্খলা, দেশপ্রেম এবং জাতির প্রতি আজীবন দায়বদ্ধতার কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়ার দিন।
একজন সৈনিকের সামরিক চাকরির মেয়াদ শেষ হতে পারে, ইউনিফর্ম খুলে রাখতে হতে পারে, কাঁধের র্যাংক ও দায়িত্বের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে পারে; কিন্তু দেশপ্রেম, শপথের চেতনা, আত্মমর্যাদা এবং জাতির প্রতি দায়িত্ব কখনো অবসরে যায় না।
আমরা বিশ্বাস করি—‘ওয়ানস আ সোলজার, অলওয়েজ আ সোলজার। একবার সৈনিক, চিরকাল সৈনিক।’
একজন ভেটেরান মানে কেবল অতীতের একজন সামরিক সদস্য নন। তিনি একটি অভিজ্ঞতা, একটি ঐতিহ্য, একটি মূল্যবোধ এবং দেশ ও জাতির জন্য নিবেদিত এক জীবন্ত সম্পদ।
আজ ১১ নভেম্বর বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি দেশের সকল অবসরপ্রাপ্ত সামরিক সদস্যের প্রতি বিশেষ আহ্বান জানাতে চাই।
ভেটেরান্সদের প্রতি আমার আহ্বান -
শ্রদ্ধেয়/প্রিয় সহযোদ্ধারা,
আমরা জীবনের দীর্ঘ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার শপথ নিয়ে কাটিয়েছি। আমাদের কেউ যুদ্ধক্ষেত্রে, কেউ সীমান্তে, কেউ দুর্গম পার্বত্য অঞ্চলে, কেউবা দেশের অভ্যন্তরে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সুখ-দুঃখ, বিপদ-আপদ, ত্যাগ ও আত্মনিবেদনের মধ্য দিয়ে আমরা একটি অভিন্ন সামরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি।
আমাদের অনেকেরই আজ আনুষ্ঠানিক সামরিক দায়িত্ব শেষ। আমরা হয়তো নিজেদের পরিবার, ব্যক্তিগত জীবন ও অবসরকে প্রাধান্য দিয়ে একটি স্বস্তিদায়ক জীবনযাপন করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে—যে দেশের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়টুকু উৎসর্গ করেছি, সেই দেশের আজকের সংকটময় সময়ে আমরা কি সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকতে পারি?
আমাদের চারপাশের বাস্তবতা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। জাতীয় বিভাজন, পারস্পরিক অবিশ্বাস, রাজনৈতিক সংঘাত এবং বিদেশি আধিপত্যবাদী শক্তির প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে আমাদের ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে আসতে হবে। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, অবসরজীবনের নিশ্চিন্ততা কিংবা নিজেদের সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে যার যার অবস্থান, সামর্থ্য ও অভিজ্ঞতা অনুযায়ী জাতির বৃহত্তর স্বার্থে ভূমিকা রাখতে হবে।
আমাদের কোনো দলীয় পরিচয়ের প্রয়োজন নেই। আমাদের অভিন্ন পরিচয়—আমরা বাংলাদেশের সন্তান, আমরা এই দেশের সাবেক সৈনিক।
আমাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং জাতীয় সংকটে দায়িত্ব নেয়ার মানসিকতা আজ দেশের প্রয়োজন। আসুন, আমরা জাতিকে বিভক্ত করার পরিবর্তে ঐক্যবদ্ধ করার কাজে আত্মনিয়োগ করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে, পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে এবং জাতীয় স্বার্থে সম্মিলিত অবস্থান গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখি।
আমাদের অবস্থান হবে সুস্পষ্ট—বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের মর্যাদা ও অধিকার সবার ঊর্ধ্বে। কোনো বিদেশি শক্তির আধিপত্য, অযাচিত হস্তক্ষেপ কিংবা জাতীয় স্বার্থবিরোধী চাপের কাছে মাথা নত করা যাবে না।
আমরা অবসর নিয়েছি দায়িত্বের পদ থেকে, দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধ থেকে নয়।
কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আমার বিশেষ আহ্বান -
প্রিয় উত্তরসূরিরা,
আপনারা আজ যে ইউনিফর্ম পরিধান করছেন, যে পতাকার নিচে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, তা কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতীক।
আপনাদের শপথের মূল অঙ্গীকার হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। এই শপথের মর্যাদা রক্ষা করা আপনাদের পবিত্র দায়িত্ব।
মনে রাখবেন, সশস্ত্র বাহিনী জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। জনগণের করের অর্থে আপনাদের প্রশিক্ষণ, শিক্ষা, আবাসন, চিকিৎসা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। তাই জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা অপরিসীম।
আপনারা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর আজ্ঞাবহ নন। আপনাদের আনুগত্য বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি। পেশাগত নিরপেক্ষতা, শৃঙ্খলা, সংবিধানসম্মত দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখা আপনাদের সামরিক মর্যাদার অবিচ্ছেদ্য অংশ।
আপনারা জাতির ঐক্যের অন্যতম প্রতীক। দেশের সব শ্রেণি-পেশা, ধর্ম, মত ও রাজনৈতিক পরিচয়ের মানুষের কাছে সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা ও আস্থা অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। সেই সময় দেশের মানুষ যে পরিবর্তন ও প্রত্যাশার প্রকাশ ঘটিয়েছিল, তা আমাদের মনে করিয়ে দেয়—রাষ্ট্রের প্রকৃত শক্তি তার জনগণ। সেই জনগণের আস্থা, নিরাপত্তা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান দায়িত্ব।
আমি আশা করি, আপনারা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সর্বদা সংবিধানসম্মত, পেশাদার, দায়িত্বশীল ও জনআস্থাভিত্তিক ভূমিকা পালন করবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেবেন। জাতীয় সংকটে জনগণের পাশে থাকবেন, তবে সর্বদা আইন, সংবিধান ও পেশাগত শৃঙ্খলার সীমারেখা অক্ষুণ্ণ রাখবেন।
আমাদের মহান মুক্তিযুদ্ধে কেবল সামরিক সদস্যরা একা যুদ্ধ করেননি। তারা সাধারণ জনগণের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছেন। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, নারী-পুরুষ—সর্বস্তরের মানুষ এক অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিলেন। সেই ঐক্যই ছিল সবচেয়ে বড় শক্তি।
আমরা যারা পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছি, তারা সেই মহান ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছি। আমাদের প্রত্যাশা, আমাদের উত্তরসূরিরাও একই দেশপ্রেম, আত্মত্যাগ, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবেন।
দেশের মানুষ আপনাদের কাছ থেকে কেবল একটি শক্তিশালী ও আধুনিক সশস্ত্র বাহিনী প্রত্যাশা করে না; তারা প্রত্যাশা করে একটি দায়িত্বশীল, জনআস্থাভাজন এবং জাতীয় মর্যাদায় সমুন্নত প্রতিষ্ঠান।
প্রিয় দেশবাসী,
আসুন আমরা আবারো ঐক্যবদ্ধ হই, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করে যাই।
আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। মতের ভিন্নতা থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য। কিন্তু জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো বিভাজন থাকতে পারে না।
আমরা যেন অতীতের ভুল ও বিভেদ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে মনোযোগী হই। পারস্পরিক দোষারোপ, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করি।
আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, কোনো দলের একক অধিকারভুক্ত নয়। বাংলাদেশ ১৮ কোটি মানুষের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তাদের জন্য একটা নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা যারা একসময় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছিলাম, আজও সেই শপথের চেতনা ধারণ করি। আমাদের দায়িত্বের ধরন পরিবর্তিত হয়েছে, কিন্তু দেশপ্রেমের জায়গাটি অপরিবর্তিত।
আজ ভেটেরান্স ডে-তে আমার সকল সহযোদ্ধা, কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান—
আসুন, আমরা ব্যক্তিগত ও সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এগিয়ে আসি। বিদেশি আধিপত্য ও অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি।
মনে রাখবেন, একটি জাতির স্বাধীনতা শুধু তার সামরিক শক্তির ওপর নির্ভর করে না; নির্ভর করে সেই জাতির ঐক্য, আত্মমর্যাদা, দেশপ্রেম এবং নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার দৃঢ় সংকল্পের ওপর।
একজন সৈনিকের জীবনে সবচেয়ে বড় গৌরব তার র্যাংক নয়, তার পদবি নয়, তার ব্যক্তিগত অর্জনও নয়—সবচেয়ে বড় গৌরব হলো দেশের প্রয়োজনে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারা।
আমাদের অঙ্গীকার হোক—
দেশ সবার আগে।
জাতীয় ঐক্য আমাদের শক্তি।
সার্বভৌমত্ব আমাদের অহংকার।
বাংলাদেশের স্বার্থই আমাদের অভিন্ন অঙ্গীকার।
আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল ষড়যন্ত্র, আধিপত্যবাদ, বিভেদ ও অকল্যাণ থেকে হেফাজত করুন। আমাদের ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, মর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার তাওফিক দান করুন।
আমিন।
লেখক : অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








