
বাংলাদেশ নেই ফাইনালে। তাই দর্শকদের আগ্রহেও ভাটা। এর প্রভাব পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটের দামে। যে টিকিটের দাম ছিল এক হাজার টাকা, বাংলাদেশের বিদায়ের পর সেটিই নেমে এসেছে ২০০ টাকায়। অর্থাৎ এক ধাক্কায় দাম কমেছে ৮০০ টাকা।
আগামী ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ফাইনাল অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে রোববার গ্যালারির টিকিটের দাম দেখা গেছে ২০০ টাকা। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও একই টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা।
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে শনিবার সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পরই টিকিটের দামে এই পরিবর্তন আসে। তবে দাম চার ভাগের এক ভাগে নেমে এলেও ফাইনালে দর্শক উপস্থিতি নিয়ে সংশয় কাটেনি।
বাংলাদেশের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার আসনের মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন। কিন্তু স্বাগতিক দলের বিদায়ের পর ফাইনাল ঘিরে সেই উন্মাদনা আর দেখা যাচ্ছে না।
রোববার বিকেলে জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়েও ফাইনালের তেমন কোনো আবহ পাওয়া যায়নি। এখন ২০০ টাকার টিকিটে ভারত-পাকিস্তান ফাইনালে গ্যালারি কতটা ভরে, সেটিই দেখার বিষয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








