
ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরচ্যার বন্যা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফাইনালে উঠে এখন স্বর্ণপদকের লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান আরচ্যার।
প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডেও নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন বন্যা আক্তার। ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড বিভাগে ১ম স্থান অর্জন করেন। পরবর্তী ইলিমিনেশন রাউন্ডগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিয়ে দেশের জন্য স্বর্ণপদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
সেমিফাইনালে বন্যা আক্তার ১৪২-১৪১ পয়েন্টে জয় পেয়েছেন। অন্যদিকে কম্পাউন্ড মহিলা এককের অপর সেমিফাইনালে কাজাখস্তানের আরচ্যার ১৪৪-১৩৮ পয়েন্টে জয়লাভ করে ফাইনালে জায়গা নিশ্চিত করেন।
আগামীকাল অনুষ্ঠিতব্য ফাইনালে বন্যা আক্তার কাজাখস্তানের প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামবেন। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশের লক্ষ্য থাকবে সেরা পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক অর্জন করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা।
বাংলাদেশের আরচ্যারদের সাম্প্রতিক পারফরম্যান্স দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। ব্যক্তিগত ইভেন্টে বন্যা আক্তার এর এই সাফল্য বাংলাদেশের আরচ্যারীর অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অর্জন।
এর আগে এই প্রতিযোগিতায় বাংলাদেশের আরচ্যাররা দলীয়ভাবে সাফল্য দেখিয়েছে। রিকার্ভ পুরুষ দল, কম্পাউন্ড পুরুষ দল, কম্পাউন্ড নারী দল এবং কম্পাউন্ড মিক্সড দল এখন স্বর্ণ পদক জয়ের দ্বারপ্রান্তে। আগামীকাল ও পরশু এই ইভেন্টগুলোর ফাইনাল অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








