
শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।
এবারের চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ জন নারী এবং ৫৩৫ জন পুরুষ খেলোয়াড় রয়েছেন। দেশের প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ করে দেবে এই আয়োজন।
প্রতিযোগিতায় মোট ১০ লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল।
জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনের প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং খেলাটির প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ফেডারেশন।
এবারের চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি। টুর্নামেন্টের বেভারেজ পার্টনার টার্বো ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংক এবং কানেক্টিভিটি পার্টনার ওয়ান স্কাই।
৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দেশের ব্যাডমিন্টন অঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপের প্রাইজমানি :
পুরুষ একক চ্যাম্পিয়স- এক লাখ ৪০ হাজার টাকা
পুরুষ একক রানার আপ- এক লাখ টাকা
মহিলা একক চ্যাম্পিয়ন- এক লাখ টাকা
মহিলা একক রানার আপ- ৬০ হাজার টাকা
পুরুষ দ্বৈত চ্যাম্পিয়ন- এক লাখ ৪০ হাজার
পুরুষ দ্বৈত রানারআপ- এক লাখ
মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন- এক লাখ
মহিলা দ্বৈত রানারআপ- ৬০ হাজার
মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন- এক লাখ
মিক্সড ডাবলস রানারআপ- ৬০ হাজার টাকা
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








