
দ্বিতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (হকি) খেলতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান নাম প্রত্যাহার করায় এবারের আসরে সুযোগ পেয়েছে লাল-সবুজের দল।
আগামী ২৭ অক্টোবর ভারতের জলন্ধরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ।
দিল্লি থেকে জলন্ধরে সরাসরি অভ্যন্তরীণ ফ্লাইট না পাওয়ায় সড়কপথেই যেতে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, দিল্লি থেকে বাসে প্রায় আট-নয় ঘণ্টা পথ পাড়ি দিয়ে জলন্ধরে পৌঁছাবেন খেলোয়াড়রা।
পাকিস্তান সরে দাঁড়ানোয় এবারের প্রতিযোগিতায় খেলবে ছয় দল— বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী দিনেই স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।
এরপর ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া ও ২ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে আশরাফুল-জিমিরা।
২০২১ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। এবার তাই বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছে দলটি।
বাংলাদেশ দল : আশরাফুল হক শাদ, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মো: সোহানুর রহমান সবুজ, মো: হোজাইফা হোসেন, মো: রোমান সরকার, মো: তায়েব আলী, মো: খালেদ মাহমুদ রাকিন, মো: আবদুল্লাহ, মো: রাকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফারহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মো: ওবায়দুল হোসেন জয়, মো: আশরাফুল ইসলাম, মো: আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ জিমি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








