
২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের আগ্রহ প্রকাশ করা সাতটি দেশের মধ্যে ভারত, কাতার ও দক্ষিণ আফ্রিকার নাম নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
তালিকায় থাকা অন্য চারটি দেশ হলো জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক ও দক্ষিণ কোরিয়া।
অন্য দেশগুলো ৩১ অক্টোবর পর্যন্ত আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারবে।
২০২৭ সালের মার্চে আইওসির নির্বাহী বোর্ড আগ্রহী দেশগুলোর মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। এরপর নির্বাচিত দেশগুলো অলিম্পিক সংস্থার সাথে আলোচনা শুরু করবে।
আইওসি জানিয়েছে, ২০৩৬ সালের আয়োজক নির্বাচন করার সময় অর্থায়নের সক্ষমতা, রাজনৈতিক সমর্থন এবং জনসমর্থনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে।
আইওসি সভাপতি কার্স্টি কভেন্ট্রি এক বিবৃতিতে বলেন, ‘যেখানেই গেমস অনুষ্ঠিত হোক না কেন, একটি বিষয় কখনোই পরিবর্তন হওয়া উচিত নয়, আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে ক্রীড়াবিদ।’
জিম্বাবুয়ের সাবেক এই সাঁতারু আরো বলেন, ‘এ কারণেই ভবিষ্যতের প্রতিটি আয়োজকের ক্ষেত্রে ক্রীড়াবিদদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করাই সবসময় মূল লক্ষ্য হওয়া উচিত।’
ভারত জানিয়েছে, তারা প্রথমবারের মতো অলিম্পিক আয়োজন করতে চায়। পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের গুরুত্বপূর্ণ শহর আহমেদাবাদ।
আহমেদাবাদ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে, যেটিকে অলিম্পিক আয়োজনের আগে বড় ধরনের প্রস্তুতি বা মহড়া হিসেবে দেখা হচ্ছে। শহরটিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামও রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ এবং ১৯৯৫ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করলেও এখনো কোনো অলিম্পিক আয়োজন করেনি।
কাতার ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে পরবর্তী সময়ে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার অভ্যন্তরে দুর্নীতির অভিযোগ ওঠায় ওই বিশ্বকাপের আয়োজক নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
উপসাগরীয় অঞ্চলে অলিম্পিক আয়োজন করা হলে প্রচণ্ড গরমের কারণে ঐতিহ্যগত জুলাই-আগস্টের সময়সূচির পরিবর্তে সুবিধানজনক সময়ে গেমস আয়োজন করতে হবে।
জার্মানির জাতীয় অলিম্পিক কমিটি গত মাসে মিউনিখকে তাদের প্রার্থী শহর হিসেবে বেছে নিয়েছে। ১৯৩৬ সালের কুখ্যাত বার্লিন অলিম্পিকের শতবর্ষের এক বছর পর এই গেমস অনুষ্ঠিত হবে। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক নাৎসি শাসনের অধীনে অনুষ্ঠিত হয়েছিল।
তুরস্কের অলিম্পিক কর্তৃপক্ষ এবার ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক হওয়ার প্রতিযোগিতার চেয়ে এক ধাপ এগিয়ে যেতে চায়। ২০২০ সালের আয়োজক নির্বাচনে ইস্তাম্বুল টোকিওর কাছে হেরে দ্বিতীয় হয়েছিল।
২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। এরপর ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রিসবেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








