নারী হকি দল
জয়ের পর নারী হকি দলের উল্লাস। নয়া দিগন্ত

স্নায়ুচাপের লড়াইয়ে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসে নবম হয়েছে বাংলাদেশ নারী হকি দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই শেষে সিঙ্গাপুরকে হতাশ করে হাসিমুখে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সকালে জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম-১০ম স্থান নির্ধারণী ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে দুই দল। ১০ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরো বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের লিমা আক্তার। কিছু সময় ১০ জন নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন।

এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এ জয়ে ১২ দলের প্রতিযোগিতায় নবম হয়ে এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণ শেষ করল বাংলাদেশের মেয়েরা।