
এশিয়ান গেমসে নারী হকি ইভেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
আজ রোববার গিফু প্রিফেকচারাল গ্রীন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে অবশ্য ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে এগিয়ে গিয়েছিল চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের জোড়া গোলে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াংয়ের গেলে সমতায় ফিরে চাইনিজ তাইপে। শেষ কোয়ার্টারে ইউ-টিং হোয়াং পিসি থেকে নিজের দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় চাইনিজ তাইপের।
গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল তারা। কাজাখস্তানের সাথে ৩-৩ গোলে ড্র করে পেয়েছিল একমাত্র পয়েন্ট। পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে চীন।
সূত্র : বাসস








