বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, নারী হকি দল
বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচের দৃশ্য সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের কঠিন সময় যেন কাটছেই না। অভিষেক আসরে টানা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাড়ছে টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য অপেক্ষা। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই জয়ে পুল ‘এ’-তে টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান আরো শক্ত করেছে দক্ষিণ কোরিয়া।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলের ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।

কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। শেষ পর্যন্ত আটবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে সহজ জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া। 

দক্ষিণ কোরিয়া টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল কোরিয়ান মেয়েরা।

এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের নারী হকি দল। এ বছর এশিয়ান গেমস বাছাইপর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিকভাবে মূল আসরে জায়গা করে নেয় তারা।

পুল ‘এ’-তে বাংলাদেশের বাকি দুই ম্যাচ কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান ও ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।