ক্রিকেট
সাকলাইন ও তার জামাতা শাদাব নয়া দিগন্ত

জামাতাকে পাকিস্তান দলে নিতে তদবির করেছিলেন সাকলাইন মুশতাক—এমন অভিযোগ তুলেছেন দেশটির সাবেক নির্বাচক তৌসিফ আহমেদ। শুধু অভিযোগ নয়, এর স্বপক্ষে কথিত ভয়েস নোটও নিজের কাছে থাকার দাবি করেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে তৌসিফকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাকলাইন—ভয়েস নোট প্রকাশ করলে তিনিও পূর্ণাঙ্গ অডিও প্রকাশ করবেন। অর্থাৎ দু’জনের পাল্টাপাল্টি বক্তব্য এখন রীতিমতো অডিও প্রকাশের চ্যালেঞ্জে রূপ নিয়েছে।

সম্প্রতি সাবেক ব্যাটার ফাওয়াদ আলমের সঞ্চালনায় এক পডকাস্টে তৌসিফ দাবি করেন, তিনি নির্বাচক কমিটিতে থাকার সময় সাকলাইন তাকে ফোন করেছিলেন। শাদাব খানকে দলে নেয়ার ব্যাপারে নমনীয় থাকতে ও এই অলরাউন্ডারের দিকে ‘খেয়াল’ রাখতে তাকে অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি।

তৌসিফের দাবি, শাদাবের প্রতি সাকলাইনের অতিরিক্ত পক্ষপাতিত্ব ছিল। ব্যক্তিগত পছন্দ কোনো ক্রিকেটারকে জাতীয় দলে নেয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে কি-না, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সাথে শাদাবের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলে বলেন, ফিট না থাকলেও তাকে দলের সাথে রাখা হয়েছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দেন সাকলাইন। সিনিয়র হিসেবে তৌসিফের প্রতি সম্মান দেখিয়েই তার সাথে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেন তিনি। তবে শাদাবকে দলে নেয়ার জন্য তদবির করার অভিযোগ সরাসরি নাকচ করে দেন সাবেক এই স্পিনার।

সাকলাইনের দাবি, ওই কথোপকথনের একটি পূর্ণাঙ্গ অডিও রেকর্ড তার কাছেও রয়েছে। তৌসিফ যদি তার কাছে থাকা রেকর্ড জনসমক্ষে প্রকাশ করেন, তাহলে তিনিও নিজের রেকর্ড প্রকাশ করবেন।

সাকলাইন বলেছেন, দুই পক্ষের রেকর্ড প্রকাশ্যে এলে সেদিনের কথোপকথনে আসলে কী হয়েছিল, তা মানুষ নিজেরাই বুঝতে পারবেন।