ওলিসের হ্যাটট্রিক ও রেকর্ড হ্যারি কেনের

 ক্রীড়া ডেস্ক
মাইকেল ওলিসের হ্যাটট্রিক, হ্যারি কেনের জোড়া গোলে রেকর্ড, সব মিলে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় গত পরশু ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অপর দুই গোলদাতা জামাল মুসিয়ালা ও ইসমাইল সাইবারি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে আগের ম্যাচে হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর এবার প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডের মাঠে ৩-০ গোলের পরাজয় ব্লুজদের। 
প্রিমিয়ার লিগে গতকাল টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। লন্ডন ডার্বিতে চেলসির বিপক্ষে জয়ের ম্যাচে ৬১ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইগর থিয়াগো। যোগ করা সময়ে ফাবিও কারভালহো তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ে মৌসুমে অপরাজিত থাকার ধারাও বজায় থাকল ব্রেন্টফোর্ডের। বিপরীতে টানা তৃতীয় লিগ ম্যাচে জয়হীন থাকল চেলসি। স্প্যানিশ লা লিগায় ওসাসুনার মাঠে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে রায়ো ভায়েকানো। এস্পানিওলের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে এলচে। ইতালিয়ান সিরি আ’তে মোঞ্জা ২-১ গোলে হারিয়েছে সাসুওলোকে। ফরাসি লিগ ওয়ানে লেন্সকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে মোনাকো। 
মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় বড় জয়ে প্রথমার্ধেই তিন গোল করে বায়ার্ন। বিরতির পর আরো চার গোল যোগ করে লিগ চ্যাম্পিয়নরা। দ্রুততম সময়ে শততম গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেন। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্বাগতিকরা ম্যাচের ১৮ মিনিটে মুসিয়ালার গোলে এগিয়ে যায়। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। বক্সের মধ্যে ওলিসেকে ফাউল করেন টম রোথে। সেটি থেকেই পেনাল্টি পায় বায়ার্ন। শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে বুন্দেসলিগায় নিজের ১০০তম গোল পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক। মাত্র ৯৮ ম্যাচেই জার্মানের শীর্ষ লিগে নিজের শততম গোল পূর্ণ করেন তিনি। 
প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে গোলের দেখা পান ওলিসে। বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখাও পান হ্যারি কেন। ওলিসের কর্নার থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান তিনি। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৪ ম্যাচে কেনের গোলসংখ্যা দাঁড়ালো ১৫২। ৭০ মিনিটে বায়ার্নের জার্সিতে নিজের প্রথম গোল করে দলের ব্যবধান ৫-০ করেন ইসমাইল সাইবারি। মরক্কোর এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোল করার ৬ মিনিটের মধ্যে আরো দুই গোল। আর এর মধ্যে ৭৩ ও ৭৬ মিনিটে দুইবার বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। প্রথমে ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেডেরিক রোনোকে কাটিয়ে পোস্টে লেগে বল জালে পাঠান তিনি। এরপর দূরপাল্লার আরেকটি বাঁ পায়ের দুর্দান্ত শটে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি করেন সাবেক ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড।

Advertisement