
ক্রীড়া প্রতিবেদক
গত ১০ সেপ্টেম্বর ভারতের কাছে থেমেছিল বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা। মাত্র ১১ দিন পর সেই ভারতই আবার সামনে। আবারো সেমিফাইনাল। আবারো টি-২০। শুধু এবার মঞ্চটা এশিয়া কাপ নয়, এশিয়ান গেমস।
সে দিন ভারতের ১৪৯ রানের জবাব দিতে নেমে ১০৯ রানেই থেমেছিল টাইগ্রেসদের ইনিংস। ব্যবধানটা ছিল ৪০ রানের। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়েছিল বাংলাদেশের একটি অভিযান। কিন্তু সেই হারের গল্পের শেষটা যেন শেষ হওয়ার নয়। ভাগ্যের অদ্ভুত সমীকরণে ভারত-বাংলাদেশ আবারো মুখোমুখি-আরো একটি সেমিফাইনালে।
এবার অবশ্য হিসাবটা কিছুটা ভিন্ন। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল উভয় দল। কিন্তু সেমিফাইনালে ওঠার পথ দুই দলের জন্য এক নয়। ভারত মাঠে নেমে জাপানকে হারাতে হয়েছে। আর বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। চীনের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর র্যাংকিংয়ের সুবিধায় শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।
এখানেই লুকিয়ে আছে জ্যোতিদের বড় চ্যালেঞ্জ। ভারত ইতোমধ্যে একটি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে, বাংলাদেশের মেয়েরা এখনো নামেনি মাঠে। ফলে প্রতিপক্ষের খেলা দেখার সুযোগ থাকলেও নিজেদের ম্যাচের ছন্দে ফেরার সুযোগ মেলেনি। তার সাথে যোগ হয়েছে নতুন ভেনু। জাপানের আইচি প্রিফেকচারের উইকেট-কন্ডিশন বাংলাদেশের কাছে এখনো অনেকটাই অচেনা।
বাংলাদেশের সামনে তাই ম্যাচটি কেবল আরেকটি সেমিফাইনাল নয়। ১১ দিন আগের সেই ১০৯ রানের ইনিংস, ৪০ রানের সেই হার- সব কিছুকে পেছনে ফেলে নতুন করে শুরু করার সুযোগ। এবারো প্রতিপক্ষ সেই ভারত, যারা মাত্র ১১ দিন আগেই দেখিয়ে দিয়েছে তারা কতটা কঠিন। তবু ক্রিকেটে পুরনো ফল নতুন ম্যাচের নিশ্চয়তা নয়। আর সেই জায়গাটিই হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় আশার নাম। সে দিনের পরাজয় এবার প্রেরণা হয়ে উঠবে, নাকি আবারো ভারতই আটকে দেবে বাংলাদেশের পথ-উত্তর মিলবে আজ।
বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল। জিতলে স্বর্ণপদকের লড়াই, হারলে ব্রোঞ্জের জন্য আরেকটি ম্যাচ। বাংলাদেশের সামনে শুধু একটি ম্যাচ নয়; স্বর্ণ পদকের পথ বাঁচিয়ে রাখার আরেকটি দরজা!
এশিয়াডে নারী হকির অভিষেক আজ
এশিয়ান গেমসে হকি ইভেন্টে আজ চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। তাতে এশিয়ান গেমসে অভিষেক হতে যাচ্ছে নারী দলের। পুল-এ’র ম্যাচে কাকামিগারা শহরের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
আগামী ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ও ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








