শুরু হলো এশিয়ান গেমস
শুরু হলো এশিয়ান গেমস । সংগৃহীত

শনিবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের বন্দরনগরী নাগোয়ায় পর্দা উঠেছে ২০তম এশিয়ান গেমসের। জাপানের সম্রাট নারুহিতো গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অলিম্পিকের চেয়েও বেশিসংখ্যক অ্যাথলেটের অংশ নেয়া এই বহুমাত্রিক ক্রীড়া আসরটি শুরু হলো এ ঘোষণার মধ্য দিয়ে।

Advertisement

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে আসন গ্রহণের সময় জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়।

সম্রাট নারুহিতো গেমসের উদ্বোধন ঘোষণা করলে নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। 

দুই ঘন্টার আয়োজনে জাপানের কৃষ্টি-সংষ্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন গেমসে বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জাপানিজ সাবেক এ্যাথলেটরা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) পতাকা বহন করে নিয়ে আসেন। 

গেমসের মশালও বহন করেছেন বিভিন্ন সময় অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাবেক এ্যাথলেটরা।

আগামীকাল সকালে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে হবে প্রথম স্বর্ণপদকের লড়াই। ৪০টিরও বেশি খেলায় এশিয়ার সেরা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। আসর শেষ হবে ৪ অক্টোবর।

এ নিয়ে তৃতীয়বারের মতো জাপানের এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও ও ১৯৯৪ সালে হিরোশিমায় এই গেমস অনুষ্ঠিত হয়েছিল। বাসস