৫ গোলে হার হকি দলের

ক্রীড়া প্রতিবেদক
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। তবে এর আগেই ফুটবল শুরু হয়ে গেছে। গতকাল টার্ফে গড়িয়েছে পুরুষ হকি। এই আসরে পুরুষ হকিতে বাংলাদেশের লক্ষ্য সেরা ছয়ে-এ থাকা। এই মিশনে গতকাল প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ০-৫ গোলে। বাংলাদেশ দল অবশ্য প্রথম কোয়ার্টারে কোনো গোলই হজম করেনি। কিন্তু এরপর খেই হারিয়ে ফেলা।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারেই তিন গোল আদায় করে নেয়। এরপর তৃতীয় কোয়ার্টার ও শেষ কোয়ার্টারে আরো একটি করে গোল আদায় করে। কোরিয়ানদের পাঁচ গোলের চারটিই ফিল্ড গোল। অপরটি পেনাল্টি কর্নার থেকে।
এ দিকে গতকাল বাংলাদেশ বিচ ভলিবল দল অনুশীলন করেছে। তারা পুরুষ, নারী ও মিশ্র উভয় বিভাগেই খেলবে। পদকের আশা জিমন্যাস্টিক্সে রাজীব চাকমাকে ঘিরে। তিনিও গতকাল অনুশীলন করেছেন।
বাংলাদেশের গেমস শুরু হয়ে গেছে ১৪ তারিখেই। সেদিন নারী ফুটবল দল হেরেছিল উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৬ গোলে হার। আর নারী ক্রিকেট পরশু দিন চীনের বিপক্ষে না খেলেই সেমিতে চলে গেছে। বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় খেলা পরিত্যক্ত হয়। এতে র‌্যাংকিংয়ের সুবাদে জয় পায় বাংলাদেশ।
এবারের গেমসে বাংলাদেশ ২২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। ২০তম এই এশিয়ান গেমসে বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ২৬০ জনের দল। এশিয়ার ৪৫টি দেশের ১১০৬৬ জন ক্রীড়াবিদ ৪৩টি ডিসিপ্লিনের ৪৬৯টি ডিসিপ্লিনে পদকের জন্য লড়াই করবেন। আজ মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আবদুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুময়ারা আক্তার অন্তরা। আসরে বাংলাদেশ দল ক্রিকেট, কাবাডি, অ্যারচারি ও বক্সিংয়ে পদক জয়ে আশা করছে।

Advertisement