এশিয়ান গেমস, বাংলাদেশ হকি, দক্ষিণ কোরিয়া, এশিয়ান গেমস ২০২৬
এশিয়ান গেমস হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস হকিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। জাপানের জিফুতে শুক্রবার পুল ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে আমিরুল-আশরাফুলরা।

প্রথম কোয়ার্টারে দারুণভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে গোল করতে না দিয়ে পোস্ট আগলে রাখেন আমিরুল-আশরাফুলরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে বদলে যায় ম্যাচের চিত্র। এক মিনিটের ব্যবধানে বায়ে সং মিন ও ওহ সেওং গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন।

দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোল ব্যবধান আরো বাড়ায়। ফলে বিরতির আগেই তিন গোলের লিড নেয় দক্ষিণ কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন গোল করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথ আরো কঠিন হয়ে যায়। শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোল দক্ষিণ কোরিয়ার ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।

এশিয়ান গেমসে চারবার সোনা জেতা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটি শুরু থেকেই কঠিন ছিল। তবে প্রথম কোয়ার্টারে গোল না খেয়ে প্রতিরোধ গড়লেও পরের তিন কোয়ার্টারে আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

পুল পর্বে বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক জাপানের বিপক্ষে, আগামী মঙ্গলবার। ‘এ’ পুলে বাংলাদেশ ও জাপানের সাথে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা।