
বিশ্বকাপে খেলার অপেক্ষা শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি দলের। স্ট্যান্ডবাই তালিকায় থাকা বাংলাদেশ একটি জায়গা খালি হওয়ায় এবার বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পেয়েছে।
আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ইতোমধ্যেই বিষয়টি বাংলাদেশ হকি ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ। ওই আসর থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাংলাদেশ ছিল প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে।
সম্প্রতি বিশ্বকাপে একটি জায়গা খালি হলে সেই সুযোগ আসে বাংলাদেশের সামনে। ফলে এশিয়া কাপের ফলের ভিত্তিতে নয়, স্ট্যান্ডবাই তালিকার অবস্থান থেকেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল।
আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর মিশরের ইসমাইলিয়ায় বসবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপের আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ হকি খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।
বাংলাদেশের তরুণদের জন্য এটি নিজেদের সামর্থ্য ও প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার বড় সুযোগ। এর আগে গত বছর যুব হকি বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশ।







