
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির বেশ কয়েকজন মুসলিম নাগরিক আটক, জিজ্ঞাসাবাদ ও দেশান্তরের শিকার হচ্ছেন। তাদের অনেকের পরিবারের সদস্যদের নাম এখনো ভোটার তালিকায় থাকলেও নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে। এমনকি কয়েক দশকের পুরোনো পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকার পরও তাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
ভারতের মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে গত ১৯ জুলাই সবজি কিনতে বের হয়েছিলেন সাহিদা ফকির। ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ৩৮ বছর বয়সী এই নারী আর নিজের বাড়িতে ফিরতে পারেননি। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে বসবাস করছেন। স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটছে তার।
সাহিদা ফকির জানান, সেদিন সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করেন। এ সময় তার মুঠোফোনও কেড়ে নেয়া হয়। ওই ফোনে তার পরিচয়-সংক্রান্ত নথিপত্রের অনুলিপি সংরক্ষিত ছিল বলে জানান তিনি। পরে তাকে জোরপূর্বক বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেয়া হয়। আদালতে দাখিল করা নথিপত্রে দেখা গেছে, অভিযুক্ত কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সংশ্লিষ্ট বিভাগ কোনো জবাব দেয়নি।
বাংলাদেশের সাতক্ষীরায় রয়টার্সকে সাহিদা বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে টান দেয় এবং গাড়িতে উঠতে নির্দেশ দেয়।’
সাহিদা ফকির এমন ১০টি পরিবারের একজন, যাদের স্বজনদের ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, দেশান্তর কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এসব পরিবারের সদস্যদের কাছে ভারতের পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে। তাদের বাবা-মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় রয়েছে।
এসব ঘটনা থেকে দেখা যাচ্ছে, ভারতের ভোটার তালিকা ব্যাপকভাবে সংশোধনের উদ্যোগের সাথে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের পৃথক অভিযান জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারো নাম বাদ পড়লেই তিনি বিদেশী নাগরিক হিসেবে প্রমাণিত হন না।
ভারতজুড়ে ভোটার তালিকা সংশোধনের এই কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ দেয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেয়ার ঘটনা। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, এই বাদপড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। দেশটির বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলিমরা ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে অধিকারকর্মীদের ভাষায় বৈষম্যমূলক নীতি ও ক্রমবর্ধমান বিদ্বেষের মুখে পড়েছেন।
ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিজেপির বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভোটারদের তালিকা নতুনভাবে সাজানোর অভিযোগও উঠেছে। তবে দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
পশ্চিমবঙ্গে এই কার্যক্রম সবচেয়ে ব্যাপকভাবে পরিচালিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম বাদ দেয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আরো নিবিড় যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।
নির্বাচনে বিজেপি জয়লাভ করে এবং প্রথমবারের মতো রাজ্যটির ক্ষমতা দখল করে।
সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনঅসন্তোষের বিষয়টি আমরা অস্বীকার করতে পারি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার ঘটনাও বড় ভূমিকা রেখেছে।’
ভোটার তালিকা থেকে নাম বাদ ও দেশান্তরের অভিযান
গত ৫ নভেম্বর ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক সমাবেশে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধনের সাথে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের বিষয়টি সরাসরি যুক্ত করেন।
তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া এবং এরপর একে একে তাদের খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করাই বিজেপির সংকল্প।’
পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড় ও অভিযানের কারণে রাজ্যটি বড় ধরনের বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে।
পশ্চিমবঙ্গে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের আঁকা সীমান্তরেখা ঐতিহাসিক বাংলাকে দুই ভাগে বিভক্ত করে। দেশভাগের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দেন। পরবর্তী সময়ে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়ও বিপুলসংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করেন। ফলে বহু পরিবার ও জনগোষ্ঠীর সদস্য দুই দেশের সীমান্তের দুই পাশে ছড়িয়ে পড়েন।
এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো জবাব দেয়নি।
আদালতে আইনি লড়াই
সাহিদা ফকির জানান, রাত ১টার দিকে তাকে একটি জনমানবহীন ও কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। শরীরে কাদা মাখা অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটেন। পরে এক কৃষক তাকে কাঁদতে দেখে আশ্রয় দেন।
মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে ‘নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়’।
এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
আদালতের নথিপত্র অনুযায়ী, ওই অভিযানে সাহিদাসহ মোট ১৪৯ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কর্তৃপক্ষ তাদের বাংলাদেশী নাগরিক হিসেবে শনাক্ত করেছিল।
সাহিদা বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, এক মুহূর্তের জন্যও ভাবিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশপরিচয়ের শিকড় ভারতে।’
বর্তমানে তার স্বামী জুম্মান আদালতে স্ত্রীর পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। একইসাথে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে আরো লাখ লাখ আবেদন ও আপত্তি নিয়ে আদালতে লড়াই চলছে।
গত আগস্টে সাহিদার পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার মাধ্যমে কারো নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। কোনো যাচাই-বাছাই ছাড়াই নির্বাহী বিভাগের একতরফা দাবির ভিত্তিতে তাকে দেশ থেকে সরিয়ে দেয়া আইনসম্মত নয়।
রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। সর্বশেষ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ওই সময়ের তালিকাকে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। যাদের নাম ওই তালিকায় ছিল, তাদের অতিরিক্ত নথিপত্র জমা না দিয়েও ভোটার তালিকায় থাকার সুযোগ দেয়ার কথা।
রয়টার্সের দেখা সাহিদার ভোটার পরিচয়পত্র অনুযায়ী, অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম ছিল।
তবে মুম্বাইয়ের বিদেশী নাগরিক নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ জমা দিয়েছিলেন। পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য তিনি ‘বৈধ বা বিশ্বাসযোগ্য কোনো নথিপত্র’ দেখাতে পারেননি।
সাহিদা এ দাবি অস্বীকার করেছেন। তার বক্তব্য, কর্তৃপক্ষ তার মুঠোফোন কেড়ে নিয়েছিল এবং সেখানে সংরক্ষিত নথিপত্রের অনুলিপি দেখানোর কোনো সুযোগ তাকে দেয়া হয়নি। ভারতীয় আইনে নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলক নয়।
‘ভোটার তালিকায় নাম নেই, আপনি বাংলাদেশী’
কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখসহ পাঁচজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার পর তাদের আটক করা হয়েছিল। অথচ নাম বাদ দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপিল তখনো বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।
নাসিরুদ্দিন শেখ জানান, নিজ বাড়ি থেকে কয়েক শ’ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে আরো ২২ জনের সাথে আটক করে।
তার দাবি, সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় ১৪ দিন পর তাদের মধ্যে ১৯ জনকে মুক্তি দেয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় নাসিরুদ্দিনসহ অন্য তিনজনকে ৩২ দিন আটক রাখা হয়।
নাসিরুদ্দিন বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি একজন বাংলাদেশী।’
আদালতে শুনানির আগের রাতে তাকে অন্যদের সাথে মুক্তি দেয়া হয়।
তিনি জানান, তাদের আটককেন্দ্রে একটি বড় হলঘর ছিল, যেখানে ৬০ জনের বেশি মানুষের শোয়ার ব্যবস্থা ছিল। আটকদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করার পর সেখানে রাখা হতো।
নাসিরুদ্দিন বলেন, ‘সব দিক থেকেই সেটি ছিল একটি কারাগার। আমরা বাইরে যেতে পারতাম না।’
পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, রাজ্যে কোনো স্থায়ী আটকশিবির নেই।
তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশী অভিবাসীদের জন্য একটি অস্থায়ী আটককেন্দ্র পরিদর্শন করেছেন রয়টার্সের সাংবাদিকেরা। সেখানে তারা ভবনের ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে কয়েকজনকে বাইরে তাকিয়ে থাকতে দেখেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও ঢেকে রাখা একটি পুলিশের বাসও ছিল।
আটককেন্দ্রটির বিপরীতে বসবাসকারী মোসামি রায় জানান, দুই মাস আগে তিনি সেখানে কয়েকজনকে নিয়ে আসতে দেখেছেন। তাদের পরিবারের সদস্যরা বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন।
মানবাধিকারকর্মী কিরিটি রায় বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে এবং মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলো অত্যন্ত ধীরগতিতে কাজ করছে। যা ঘটছে, তাতে আমরা আশাহীন হয়ে পড়েছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








