
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির তিনটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দেয়া এক খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান শারীরিক অবস্থায় তিনি হয়তো আর জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে পারবেন না।
ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি। ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান তাকে এই চিঠি বিচারপতিদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।
চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণে নিজের জীবন ব্যয় করেছেন। অথচ আজ নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।
তিনি লেখেন, ‘আমি এমন একটি নির্জন কারাকক্ষে বন্দী, যেখান থেকে এখন আমার কণ্ঠস্বর বাইরে পৌঁছানোর একমাত্র উপায় এই চিঠি।’
ইমরান বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং পাকিস্তানের একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার চাইছেন। ক্রিকেট, সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি পাকিস্তানের সেবা করেছেন। ৭০ বছর বয়স পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
তার অভিযোগ, ৭০ বছর বয়সের পর থেকে তাকে নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। একের পর এক মামলা, আদালতে শতাধিক হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং হত্যাচেষ্টার মধ্য দিয়েও তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন।
ইমরান খান বলেন, সংবিধান সংশোধনের পর আদালত থেকে পাওয়া প্রতিকার ক্রমেই সীমিত হয়ে পড়ে। একপর্যায়ে সেই সুযোগও বন্ধ হয়ে যায়। আদিয়ালা কারাগারে তিনি ও তার স্ত্রী একের পর এক মামলার মুখোমুখি হচ্ছেন। তাদের আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
চিঠিতে তিনি অভিযোগ করেন, তোশাখানা-২ মামলার রায়ের পর তার বন্দীজীবনের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ওই মামলায় সৌদি যুবরাজের উপহার দেয়া দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগে ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ইমরানের ভাষ্য অনুযায়ী, এরপর তাকে বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাকক্ষে রাখা হয়। এ সময় পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলাইমানের সাথেও যোগাযোগের সুযোগ দেয়া হয়নি। বই ও টেলিভিশন থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ না পাওয়ার পর সুপ্রিম কোর্টের নিয়োগ করা আদালতবান্ধব আইনজীবী হিসেবে সালমান সাফদার গত ১০ ফেব্রুয়ারি তার সাথে সাক্ষাৎ করেন। ওই সময় আইনজীবী দেখতে পান, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ বিষয়টি তার পরিবার কিংবা আইনজীবীদের জানানো হয়নি।
ইমরানের অভিযোগ, চলতি বছরে তাকে মাত্র চারবার আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ দেয়া হয়েছে। অন্যদিকে বুশরা বিবি তার আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন মাত্র একবার। এতে তারা নিজেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
দীর্ঘদিন নির্জন কারাবাস ও মানুষের সাথে স্বাভাবিক যোগাযোগের অভাবে তার মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়েছে বলে জানান ইমরান। কারা কর্তৃপক্ষের নিজস্ব চিকিৎসা বোর্ডও তার উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করেছে। চিকিৎসকেরা পরিবারের সাথে আরো বেশি যোগাযোগ, পড়ার উপকরণ ও টেলিভিশনের সুযোগ দেয়ার পরামর্শ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
কারাগারে স্ত্রীর সাথে সাপ্তাহিক সাক্ষাৎও কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান। তার দুই বোনকে আটক রাখা হলেও তাদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানকে ফোন করার সুযোগও দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে আরো বেশি উদ্বেগ প্রকাশ করে ইমরান বলেন, গত এপ্রিলে তার স্ত্রীর চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে জটিল অস্ত্রোপচার করা হলেও তাকে আবার নির্জন কারাকক্ষে পাঠানো হয়।
ইমরান লেখেন, চলতি মাসে স্ত্রীর সাথে দেখা করার সময় তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার করা না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। অথচ তার চিকিৎসা-সংক্রান্ত নথি আটকে রাখা হয়েছে এবং পছন্দের চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর সুযোগও দেয়া হচ্ছে না।
নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ইমরান জানান, নির্জন কারাবাসের মধ্যে তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আগে রক্তচাপ ১৩০ থেকে ১৫০-এর মধ্যে থাকলেও পরে তা ১৭০-এ পৌঁছায়। গত ১০ নভেম্বর তা বেড়ে ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল।
চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, এ অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। তার হৃদযন্ত্রও ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ৭৪ বছর বয়সে এভাবে চলতে থাকলে যেকোনো সময় তার জীবনহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
Open Letter of Mr Imran Khan for kind consideration of Hon Chief Justice's of Pakistan. Humanitarian Plea for Medical Treatment & Shift to Hospital - Voice From Behind the Prison Walls of Adyala. https://t.co/bIqBxqGuX9
— Barrister Salman Safdar (@BrSalmanSafdar) November 16, 2026
চিঠিতে ইমরান আরো উল্লেখ করেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন এবং পরিবারের সাথে যোগাযোগের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি। তাকে শিফার পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিমস) নেয়া হয়েছিল এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
ইমরান বলেন, তার আল-কাদির ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য তালিকাভুক্ত হলেও নিজেদের শারীরিক অবস্থা এবং আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন-সংক্রান্ত আবেদনগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।
চিঠির শেষাংশে তিনি বলেন, ‘আমি বিচারপতিদের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছি না। শুধু সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশ বাস্তবায়ন এবং আমাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চাইছি। বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারব। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই মানবিক বিবেচনায় আমাদের ন্যায়বিচার নিশ্চিত করুন।’
এদিকে বাবার চিঠির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের ছেলে কাসিম বলেন, বাবার লেখা চিঠিটি পড়ে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন।
অন্য ছেলে সুলাইমান চিঠিটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাবার চিকিৎসার আবেদন কোনো বিশেষ সুবিধা চাওয়া নয়; বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ড অনুযায়ী ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি। দেরি হয়ে যাওয়ার আগেই ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
ইমরান ও বুশরা বিবির কারাবাস ও চিকিৎসা পরিস্থিতি
ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। অন্যদিকে পৃথক একটি মামলায় দণ্ডিত হওয়ার পর ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেফতার হন তার স্ত্রী বুশরা বিবি।
ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্য, আইনজীবী এবং সহযোগীদের সাথে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তার সাথে পরিবারের সদস্য ও দলীয় নেতাদের সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানুয়ারির শেষ দিকে ইমরানের ডান চোখের রেটিনার কেন্দ্রীয় শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। এরপর তাকে কয়েকবার হাসপাতালে নেয়া হয়।
গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে পিমসে নিয়ে যায়। সে সময় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, হাসপাতালের বাইরে ও যাওয়ার পথে পিটিআই কর্মীদের কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির জন্য তাকে অন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তোলে।
অন্যদিকে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হওয়ার পর এপ্রিলে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে তার দৃষ্টিশক্তির আরো অবনতি হওয়ায় তিনি আদালতের কাছে চক্ষু বিশেষজ্ঞ দিয়ে জরুরি স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের পছন্দের চিকিৎসকদের মাধ্যমে নিজ খরচে চিকিৎসা নেয়ার অনুমতি চেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা চোখে পরিণত ছানি শনাক্ত করেছেন এবং আরো একটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
সূত্র : ডন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








