
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অক্টোবরে খুচরা বিক্রিতে প্রবৃদ্ধির হার কমেছে। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো এবং ভোগব্যয়ের মন্দা কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি বেড়েছে মাত্র ০দশমিক ৪ শতাংশ। সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ১ শতাংশ।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্লুমবার্গের পূর্বাভাসেও পিছিয়ে রয়েছে এ প্রবৃদ্ধি। সংস্থাটির পূর্বাভাস ছিল ০ দশমিক ৮ শতাংশ। এক সপ্তাহের জাতীয় ছুটির পরও ভোগব্যয় বাড়ানোর ক্ষেত্রে দীর্ঘদিনের চ্যালেঞ্জ কাটেনি, এ পরিসংখ্যানে তা স্পষ্ট হয়েছে।
কোভিড-১৯ মহামারি শেষ হওয়ার পর থেকেই অভ্যন্তরীণ ভোগব্যয়ে মন্থরতার মুখে রয়েছে বেইজিং। রফতানি বাড়লেও অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা সামগ্রিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
এনবিএস জানায়, অক্টোবরে শিল্প উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৫ শতাংশ। ব্লুমবার্গের পূর্বাভাস ছিল ৫ দশমিক ৩ শতাংশ।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এনবিএস জানায়, অক্টোবরে চীনের অর্থনীতি স্থিতিশীল থাকলেও ‘আন্তর্জাতিক পরিবেশে’ এখনো বড় ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশের অভ্যন্তরে সরবরাহের তুলনায় চাহিদার ঘাটতি অব্যাহত রয়েছে। কিছু প্রতিষ্ঠান পরিচালনাগত সমস্যায় পড়েছে। অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা ও উন্নতির ভিত্তি আরো সুদৃঢ় করা প্রয়োজন।’
চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে চীনা কর্তৃপক্ষ। কয়েক দশকের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।
অক্টোবরে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে সামান্য বেশি হলেও তা ছিল ৪ দশমিক ৫ শতাংশ।
সূত্র : এএফপি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








