হানিট্র্যাপ
হানিট্র্যাপ : পাকিস্তানি অ্যাজেন্টের কাছে যুদ্ধের পরিকল্পনা ফাঁস ভারতীয় বিমানবাহিনী কর্মকর্তার। নয়া দিগন্ত

হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা অ্যাজেন্টের কাছে যুদ্ধের পরিকল্পনা এবং ড্রোনের তথ্যসহ সংবেদনশীল সামরিক পরিচালনগত বিস্তারিত তথ্য পাচারের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

পুলিশের চার্জশিটে তথ্য ফাঁস, ম্যালওয়্যার ব্যবহার এবং ইউনিটের নিরাপত্তার ঝুঁকির বিষয়ে পাঁচ মাসব্যাপী তদন্তের বিস্তারিত উঠে এসেছে। ওই কর্মকর্তার এই কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তাকে আরো বড় ঝুঁকির মুখে ফেলেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। হানিট্র্যাপে পড়ে তিনি এই কাজ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা অ্যাজেন্টের কাছে গোপন সামরিক পরিচালনগত তথ্য পাচারের অভিযোগে পাঁচ মাস আগে ভারতীয় বিমানবাহিনীর ওই উইং কমান্ডারকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর অধীনে অভিযোগ গঠন করা হয়। 
দিল্লির একটি আদালতে জমা দেয়া পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ওই কর্মকর্তা যুদ্ধের পরিকল্পনার নথিপত্র, ড্রোনের সক্ষমতা, সেনা মোতায়েনের অবস্থান, সম্মুখসারির যুদ্ধবিমানের গতিবিধি এবং সংবেদনশীল স্থাপনাগুলোর ভৌগোলিক অবস্থান (কোঅর্ডিনেটস) ফাঁস করেছিলেন। 

অভিযোগ রয়েছে যে, তার এই কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ সামরিক সম্পদকে ঝুঁকির মুখে ফেলেছে এবং পরিচালনগত দুর্বলতাগুলো প্রকাশ করে দিয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, চার্জশিটে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে ওই কর্মকর্তা চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সন্দেহভাজন ওই এজেন্টের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন। এই সময়ে ওই অ্যাজেন্টের কাছ থেকে একটি নগ্ন ছবি পাওয়ার পর কর্মকর্তাটি একটি গোপন যুদ্ধ পরিকল্পনার এক পৃষ্ঠা আপলোড করেন এবং এ ধরনের আরো ছবির বিনিময়ে পরিকল্পনার বাকি পৃষ্ঠাগুলো সরবরাহ করার ইচ্ছা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরো অভিযোগ করেছে যে, ওই কর্মকর্তা একটি গোপন ড্রোন ইউনিটের শক্তি ও সাংগঠনিক কাঠামো ফাঁস করেছেন, যার মধ্যে ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা, আকাশে টিকে থাকার সক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার পদ্ধতির বিস্তারিত তথ্য ছিল। 

চার্জশিটে আরো উল্লেখ করা হয়েছে যে, সন্দেহভাজন ওই অ্যাজেন্ট কিছু ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল, যা ওই কর্মকর্তার ডিভাইসে সংরক্ষিত সংবেদনশীল তথ্য এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হওয়া যোগাযোগের তথ্য হাতিয়ে নিতে সক্ষম ছিল।

উপরোক্ত অভিযোগগুলোর পাশাপাশি, সন্দেহভাজন ওই অ্যাজেন্টের নির্দেশ অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে তার অধীনস্থ পাঁচজন সহকর্মীর আইসিটি ডিভাইসে বিশেষ ধরনের ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করারও অভিযোগ আনা হয়েছে। 

পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, এ পদক্ষেপটি পুরো ইউনিট এবং এর সামরিক অভিযানের নিরাপত্তাকে আরো মারাত্মকভাবে বিপন্ন করে তুলতে পারত।

সূত্র : দ্য কুইন্ট