পাকিস্তানি সেনা
পাকিস্তানি সেনা। সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত-সমর্থিত ৭৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

Advertisement

আইএসপিআর জানিয়েছে, কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার মীর আলী ও ওরাকজাই এলাকায় এসব অভিযান চালানো হয়েছে।

আইএসপিআর আরো জানিয়েছে, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী একটি ব্যাপক গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানায় হামলা চালানো হয়। একাধিক সংঘর্ষের পর ভারত-পৃষ্ঠপোষকতায় থাকা ৩১ জন ‘খাওয়ারিজ’ নিহত হয়েছেন। তাদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।’

সেনাবাহিনী জানিয়েছে, পৃথক অভিযানে গত ৪৮ ঘণ্টায় মীর আলী ও ওরাকজাই এলাকায় আরো ৪৩ জন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (সিআরএসএস)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই দু’টি প্রদেশই ছিল দেশের সহিংসতার প্রধান কেন্দ্রবিন্দু। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই প্রান্তিকে সহিংসতার ঘটনায় মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। মোট মৃত্যুর মধ্যে ৬১ শতাংশেরও বেশি (৪৭৫ জন) ঘটেছে খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ (২৬৫ জন) ঘটেছে বেলুচিস্তানে। 

খাইবার পাখতুনখোয়ায় সবচেয়ে বেশি সংখ্যক সহিংস ঘটনা ঘটেছে, যা সারাদেশে ঘটা মোট ঘটনার ৫৭ শতাংশ। এরপরেই রয়েছে বেলুচিস্তান, যেখানে ৩৫ শতাংশ ঘটনা ঘটেছে। 

সূত্র : জিও নিউজ