
ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোন ও হোয়াটসঅ্যাপ বার্তায় হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে সাত কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে বাবা ও মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেন তিনি।
বিষয়টি জানার পরপরই কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে আম আদমি পার্টি।
জানা গেছে, গত ৬ নভেম্বর তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিংয়ের কাছে একটি ফোন আসে। পাশাপাশি হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হয়। সেখানেই নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে ওই ব্যক্তি। তার দাবি, সাত কোটি টাকা না দিলে অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতাকে হত্যা করা হবে।
পুলিশ ইতোমধ্যেই অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরের কল ডিটেলস, আইপি লগ এবং লোকেশন-সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। হুমকির পেছনে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে, নাকি কেউ সেই গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে বলিউডের একাধিক অভিনেতাকেও হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়েছে। অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে টাকা চেয়ে হুমকি-বার্তা পাঠানোর অভিযোগ উঠেছিল। তুষার কাপুরের কাছে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছিল। হুমকিদাতা নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিল। তবে মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে ওই অডিওর কণ্ঠস্বরের সাথে হ্যারি বক্সারের নমুনা কণ্ঠস্বরের মিল পাওয়া যায়নি।
এই হুমকির ঘটনায় বেঙ্গালুরুর এক আইটি কর্মী বৈভব মিশ্রকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তদন্তকারীদের দাবি, তিনি বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত বলে ভুয়া পরিচয় দিয়ে আয়ুষ্মান ও তুষারসহ একাধিক অভিনেতাকে ভয় দেখিয়েছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে তার সাথে বিষ্ণোই গ্যাংয়ের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এআই ব্যবহার করে কণ্ঠস্বর তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখেছিল পুলিশ।
গত মাসে টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর থেকেই ফের বিষ্ণোই গ্যাংকে ঘিরে আতঙ্ক বাড়ছে। অভিনেতার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। এতে তার গাড়িচালক গুলিবিদ্ধ হন। আহত হন তিনি নিজেও।
এবার সেই একই গ্যাংয়ের নাম ব্যবহার করে সরাসরি এক সাবেক মুখ্যমন্ত্রী ও তার মেয়েকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ সামনে এলো। ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কেজরিওয়ালকে দেয়া হুমকির পেছনে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কেউ রয়েছে কি না, তা এখনো তদন্তসাপেক্ষ।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








