
সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানান তিনি।
তার মতে, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। একইসাথে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এসব হামলা।
মুখপাত্র বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো আপস করবে না।
তবে একইসাথে সংঘাত কমানো, সংযম দেখানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। কারণ নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে সেটি কোনো পক্ষের জন্যই ভালো হবে না।
আহমেদ শরিফ জানান, পাকিস্তানের সেনা সদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ইরানের সাথে যোগাযোগের বিষয়ে পাকিস্তানের এই সামরিক মুখপাত্র বলেছেন, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সাথে ইরানের কর্মকর্তাদের বৈঠক হয়েছিল।
এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।
মক্কা জোট ও প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে পাকিস্তানের সামরিক এই মুখপাত্র বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট- দু’টিই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর উদ্দেশ্য এই দুই জোটের নেই।
পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করতে চায়।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








