
পাকিস্তানে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির তৃতীয় বৈঠক বসতে যাচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে।
ইরান সংঘাত ঘিরে অনিশ্চয়তা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় নিজেদের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করতে চায় জোটের তিন সদস্যদেশ। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (১০ নভেম্বর) এ খবর জানিয়েছে।
বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের অংশ নেয়ার কথা রয়েছে। তিন দেশের প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন এবং পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এমন এক সময়ে বৈঠকটি হতে যাচ্ছে, যখন ইরানের ওপর নতুন করে সামরিক হামলার আশঙ্কা কাটেনি। একই সময়ে সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে কূটনৈতিক তৎপরতাও চলছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তাব্যবস্থার ওপর এসব পরিস্থিতির প্রভাব নিয়ে আলোচনা করবেন তিন দেশের প্রতিনিধিরা।
৭ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করার পর এই প্রথম কমিটির বৈঠক বসছে। এর মধ্য দিয়ে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো কার্যকর করার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হয়েছে। তুরস্কের পার্লামেন্টে ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি। বিতর্কে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা বলেন, চুক্তিটি প্রতিরক্ষামূলক। কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে এই জোট গঠন করা হয়নি।
গত ৭ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ান চুক্তিতে সই করেন। এতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে অন্যদের সম্মিলিতভাবে সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। তবে কী ধরনের এবং কতটা সহায়তা দেয়া হবে, তা তিন দেশ যৌথভাবে নির্ধারণ করবে।
চুক্তির আওতায় রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তব প্রতিরক্ষা সহযোগিতায় রূপ দিতে একটি কমিটি গঠন করা হয়। এর প্রথম বৈঠক হয় ৩১ আগস্ট ইস্তাম্বুলে। সেখানে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা অংশ নেন। বৈঠকে রিয়াদে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রথম তিন বছর এর মহাসচিবের দায়িত্ব পালনের কথা ছিল একজন পাকিস্তানি কর্মকর্তার।
প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন এবং তিন দেশের সামরিক বাহিনীর সক্ষমতা ও সমন্বয় বাড়ানোর বিষয়েও সহযোগিতার পরিকল্পনা নেয়া হয়।
এরপর ৫ অক্টোবর সৌদি আরবের নিরাপত্তার ওপর ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে রিয়াদে জরুরি বৈঠকে বসে কমিটি। ইয়েমেনের হাউছিদের হামলাসহ বিভিন্ন নিরাপত্তা হুমকি নিয়ে সেখানে আলোচনা হয়। সৌদি আরবের শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানায় কমিটি। ইসলামের পবিত্র নগরী মক্কা ও মদিনা শরিফের জন্য হুমকির বিষয়টিও উঠে আসে। আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেয়া। এর অংশ হিসেবে সদস্যদেশগুলোর জাতীয় আইন মেনে নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে দ্রুত মোতায়েনের ব্যবস্থা করার বিষয়ে একমত হয় তিন দেশ।
ওই বৈঠকেই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
নভেম্বরের বৈঠকে আগের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
তুরস্কের পার্লামেন্টে চুক্তি অনুমোদনের বিশেষ তাৎপর্য রয়েছে। পাকিস্তান ও সৌদি আরব আগেই নিজ নিজ দেশে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তুরস্কের সংবিধান অনুযায়ী চুক্তিটি কার্যকর করার আগে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন ছিল। তবে এই অনুমোদনের অর্থ বিদেশে তুর্কি সেনা মোতায়েনের স্বয়ংক্রিয় অনুমতি নয়। সে জন্য আলাদা করে পার্লামেন্টের সম্মতি নিতে হবে।
ভূরাজনৈতিক বিবেচনায়ও জোটটি গুরুত্বপূর্ণ। এতে একদিকে রয়েছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী শক্তি সৌদি আরব এবং ন্যাটোর সদস্য তুরস্ক, যার রয়েছে এ অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক বাহিনী। তিন দেশই বলেছে, কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে নয়, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতেই এই প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা হয়েছে।
ইসলামাবাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো, যৌথ প্রতিরক্ষা কাঠামো এগিয়ে নেয়ার পাশাপাশি তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানোর প্রচেষ্টায় ভূমিকা রাখা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








