বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি
বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি। আনন্দবাজার থেকে

ভারতের উত্তরাখণ্ডের চমোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা ছয়জনই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

Advertisement

কর্মকর্তারা জানান, তুষারপাতের মধ্যে দুপুর সোয়া ১টার দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি ‘হাতি পর্বত’ এলাকার কাছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি ব্রিজের কাছে জেপি পাওয়ার হাউসের পাশে পাহাড়ের গায়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত ছয়জনই পুরুষ। তারা হলেন— প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ ও হেলিকপ্টারটির পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

Advertisement

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর ‘ভিটি-এইচসিএক্স’ কল সাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে দুপুর ১টা ১৪ মিনিটে উড্ডয়ন করে। জোশিমঠ উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর সব হেলিকপ্টার চলাচল স্থগিত করা হয়েছে।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহত ব্যক্তিদের অবিলম্বে আকাশপথে উন্নত চিকিৎসাকেন্দ্রে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে চার ধাম এলাকায় মোট নয়টি দুর্ঘটনা ঘটেছে।

সূত্র : এনডিটিভি