
ভারতে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সভা করবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একইসাথে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও করেছে সংগঠনটি।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘জ্ঞানু মাস্ট গো... দেশ সবার উপরে!’
বিবৃতিতে বলা হয়েছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বিরোধী জোট যে লড়াই করছে, তাদের পাশে থাকবে তারা। এসআইআর প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি।
তাদের বক্তব্য, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা জরুরি।
‘সরকার নয়, মানুষই ঠিক করবেন সরকার’
গণতন্ত্রের মৌলিক অধিকারের কথাও তুলে ধরেছে ককরোচ জনতা পার্টি। তাদের বক্তব্য, গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে সরকার বেছে নেন। সরকার নিজের পছন্দমতো ভোটার বেছে নেবে, এমনটা হতে পারে না।
সিজেপির অভিযোগ, এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
এই প্রসঙ্গেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিজেপি। তাদের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসআইআর নিয়ে তৈরি হওয়া উদ্বেগের আবহে কমিশনের ওপর মানুষের আস্থা ফেরাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন বলে মনে করছে তারা।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








