
গৃহসজ্জা, আসবাবপত্র, মানসম্মত গৃহস্থালি সামগ্রী ও উপহারপণ্যের সমাহার নিয়ে চীনের ১৪০তম আমদানি ও রফতানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
শুক্রবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে পাঁচ দিনব্যাপী এ পর্বের উদ্বোধন করা হয়।
‘মানসম্মত গৃহজীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ পর্বে বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও নান্দনিক গৃহসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় পর্বের প্রদর্শনী এলাকা পাঁচ লাখ ১৫ হাজার বর্গমিটারেরও বেশি। এতে রয়েছে ২৫ হাজারের বেশি প্রদর্শনী বুথ। রফতানি বিভাগে অংশ নিচ্ছে প্রায় ১১ হাজার প্রতিষ্ঠান। এর মধ্যে তিন হাজার ৬০০টিরও বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠান তাদের ২০ লাখের বেশি পণ্য প্রদর্শন করছে।
অন্যদিকে, আমদানি বিভাগে ২৭টি দেশ ও অঞ্চল থেকে ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান রান্নাঘরের সরঞ্জাম ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য তুলে ধরছে।
এ পর্বে ভবন ও আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী এবং উপহার ও সাজসজ্জার পণ্য- এ তিনটি বিভাগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিটি বিভাগে প্রদর্শনীর জন্য এক লাখ ৩০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা একই স্থানে মানসম্মত ও নান্দনিক গৃহপণ্য দেখার সুযোগ পাচ্ছেন।
সূত্র : সিএমজি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








