চীনের প্রেসিডেন্ট, শি জিন পিং
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ইন্টারনেট

অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সাথে বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক করে তুলতে সবপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 
শুক্রবার ২০২৬ বৈশ্বিক শাসন ফোরামে (সিয়ংআন) পাঠানো এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এ আহ্বান জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, বিশ্ব বর্তমানে এমন এক দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা গত এক শতাব্দীতে দেখা যায়নি। এ পরিস্থিতিতে শান্তি, উন্নয়ন, নিরাপত্তা ও বৈশ্বিক শাসনব্যবস্থার ঘাটতি কমার পরিবর্তে আরো বাড়ছে। 

শি জিন পিং বলেন, আরো ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং একটি উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তিনি বৈশ্বিক শাসন উদ্যোগ (জিজিআই) প্রস্তাব করেছেন।

চীনের প্রেসিডেন্ট জানান, পরামর্শ, যৌথ অবদান ও সবার জন্য সুফল নিশ্চিত করার নীতির ভিত্তিতে বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়নে চীন সবপক্ষের সাথে কাজ করতে প্রস্তুত। পারস্পরিক আস্থা জোরদার করে সম্মিলিত শক্তি বৃদ্ধি এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, অস্থিরতা ও পরিবর্তনের এই সময়ে বিশ্বে আরো নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি সঞ্চার করতে বৈশ্বিক শাসন উদ্যোগের বাস্তবায়ন এগিয়ে নেয়া প্রয়োজন। 

শুক্রবার চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশের সিয়ংআন নিউ এরিয়ায় শুরু হয়েছে ২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম। চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামের প্রতিপাদ্য ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: রূপান্তরশীল বিশ্বে বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নয়ন’।

সূত্র : সিএমজি