
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে একাধিক স্থানে চীনা সেনাদের সাথে মুখোমুখি সংঘাত বা উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের সীমান্তে চলমান এই উত্তেজনার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইটিবিপি কর্মীদের জন্য আয়োজিত বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠানে শত্রুজিৎ কাপুর বলেন, ‘গত কয়েক দিনে অরুণাচলের বেশ কয়েকটি স্থানে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে।’
তিনি জানান, জুলাই মাস থেকেই এই মুখোমুখি অবস্থান চলছে। সে সময় খবর পাওয়া গিয়েছিল যে, টাকসিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর গুরুত্বপূর্ণ টহল পয়েন্টগুলোতে ভারতীয় সেনাদের প্রবেশে বাধা দিচ্ছে চীনা বাহিনী।
অর্থাৎ, গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের সময়ও এই সামরিক উত্তেজনা বজায় ছিল। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন।
আইটিবিপি ১৯৬২ সালে গঠিত হয়। চীনের সাথে তিন হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পাহারার দায়িত্বে রয়েছে আইটিবিপি।
আইটিবিপি মহাপরিচালক জানান, তাদের প্রতিটি সীমান্ত ইউনিটে ড্রোন প্লাটুন গঠন করা হয়েছে। এছাড়া গালওয়ানের মতো পরিস্থিতি আরো ভালোভাবে সামাল দেয়ার জন্য বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভূগর্ভস্থ অবকাঠামো তৈরির কাজও করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে অরুণাচল প্রদেশ সীমান্তে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে, কংগ্রেস এই বিষয়টির কঠোর সমালোচনা করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে এ বিষয়ে জবাব চেয়েছে কংগ্রেস।
সূত্র : ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








