ভারতীয় একটি বিমান
ভারতীয় একটি বিমান। সংগৃহীত ছবি

ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) ‘নোটিশ টু এয়ারমেন’ (নোটাম) জারি করে এ তথ্য জানায়।   

Advertisement

এর আগে, এই নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।

নোটামে বলা হয়েছে, ভারতীয় নিবন্ধিত বিমান এবং ভারতীয় এয়ারলাইন্স বা অপারেটরদের মালিকানাধীন, পরিচালিত বা ইজারা নেয়া বিমানগুলো জন্য পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত নয়। এর মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে। 

নোটিশ অনুযায়ী, এই বর্ধিত নিষেধাজ্ঞা শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এটি ২৪ নভেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, গত ২৪ এপ্রিল ভারতের মালিকানাধীন বা পরিচালিত সব বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা অবিলম্বে বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। 

২০২৫ সালের এপ্রিল মাসের শেষ দিকে ভারত ও পাকিস্তান একে অপরের বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। ভারত-অধিকৃত কাশ্মিরের পাহালগামে একটি প্রাণঘাতী হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছিল।

সূত্র : ডন