
ভারতে নির্বাচনী জালিয়াতির অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিল্লির কনট প্লেসে পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে আটক হওয়ার এক দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
শনিবার (১৭ অক্টোবর) দিল্লির একটি আদালত তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৫০ হাজার রুপির মুচলেকা দিতে হয়েছে দীপকেকে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুনানি শেষে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে যান এই রাজনৈতিক নেতা।
এ ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও আটক হয়েছিলেন। শুক্রবার (১৬ অক্টোবর) তাকে আটক করা হলেও শনিবার ভোরে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
তবে সিজেপির আরো দুই নেতা আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এখনো বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়। এর আগে গত সপ্তাহে ওই এলাকায় বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রা শুরুর আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হয়। কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। তবে পুলিশি বাধা সত্ত্বেও শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, আটকের আনুষ্ঠানিকতা শেষে নেহা বোরাকে মুক্তি দেয়া হয়। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দীপকের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে প্রথমবার আটক হয়েছিলেন দীপকে। সেবারও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পরে এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় স্বাক্ষর করে মুক্তি পান তিনি।
সূত্র: এনডিটিভি, রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








