১৬ অক্টোবর, তেরঙ্গা ঝাণ্ডা, সমাবেশ,  দীপক,
সিজেপির বিক্ষোভ। সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ১৬ অক্টোবর তেরঙ্গা ঝাণ্ডা সমাবেশের ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ জন্য জেলে যেতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তাঁর দুই সহকর্মী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন দীপকে।

Advertisement

দ্য হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি বুধবার (১৪ অক্টোবর) এ খবর জানায়।

দিল্লিতে ফিরে দীপকে প্রশ্ন তোলেন, ভারতে তেরঙ্গা ঝাণ্ডা ওড়ানো কি অপরাধ? তিনি বলেন, ‘আশুতোষ ও সৌরভকে পাঁচ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। কেন? তাঁরা যন্তর মন্তরে গিয়ে তেরঙ্গা ঝাণ্ডা উড়িয়েছিলেন বলে। এমন ঘটনা শেষবার ঘটেছিল ব্রিটিশ শাসনামলে। তখন জনসমক্ষে তেরঙ্গা ঝাণ্ডা ওড়ানোর কারণে স্বাধীনতাসংগ্রামীদের গ্রেফতার করে জেলে পাঠানো হতো।’

গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দিতে দিল্লিতে পৌঁছালে উড়োজাহাজের ভেতর থেকেই দীপকেকে আটক করে পুলিশ। ওই দিন তাঁর দাদি মারা যাওয়ায় মহারাষ্ট্রের নিজ শহরে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে দিল্লিতে ফেরেন।

মঙ্গলবার সকালে যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে সিজেপির সদস্যরা একটি ফটক টপকে ভেতরে ঢোকেন। এরপর পুলিশ তাঁদের গ্রেফতার করে। এর আগের দিন সোমবার চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্ধারণের স্বীকৃতি প্রত্যাহার করে নেয়।