রাজনৈতিক অচলাবস্থা,  ক্রমবর্ধমান উত্তেজনার, পাকিস্তানে, লং মার্চ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পিটিআই,
লং মার্চ সামনে রেখে বিভিন্ন শহরে জড়ো হতে শুরু করেছেন পিটিআই কর্মীরা। দ্য এক্সপ্রেস ট্রিবিউন

রাজনৈতিক অচলাবস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে 'লং মার্চ'-এর প্রথম পর্যায় শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। লাকি মারওয়াত থেকে সোয়াবি অভিমুখে এই কর্মসূচি শুরু হয়। তবে ইসলামাবাদ অভিমুখে যাত্রার কোনো ঘোষণা এখনো আসেনি।

Advertisement

পাকিস্তান থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন রোববার (৪ অক্টোবর) জানায়, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের দ্বন্দ্বের মধ্যেই পিটিআই এই পদক্ষেপ নিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৪ অক্টোবর করা হয়।

এর আগে শনিবার সংকট কাটাতে সরকার ও বিরোধীদের দীর্ঘ বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে ঐ বৈঠক হয়। বৈঠকে সরকার চেয়েছিল পিটিআই আগে মার্চ বাতিল করুক। অন্যদিকে পিটিআই চেয়েছে কারাগারে থাকা তাদের দলীয় প্রধানের সাথে দেখা করার সুযোগ আগে দিতে হবে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, রোববার দুপুর ১টায় লাকি মারওয়াতের গান্ডি চক থেকে দীর্ঘ এই যাত্রা শুরু হয়। সেখানে বিভিন্ন জেলা থেকে আসা কাফেলাগুলো মূল মিছিলের সাথে যোগ দেয়। প্রথম রাতে পদযাত্রীরা কারাকের কাছে থাকবেন।

পরদিন সোমবার দুপুরে কারাক থেকে আরো মানুষ যোগ দেবেন এবং কাফেলাটি কোহাটের দিকে যাবে। মঙ্গলবার কোহাট, হাংগু, কুররাম ও ওরাকজাইয়ের পথযাত্রীরা যুক্ত হলে মিছিলটি পেশাওয়ারের দিকে এগোবে।

বুধবার খাইবার জেলাসহ পেশাওয়ারের বিভিন্ন এলাকার সমর্থকরা কাফেলায় অংশ নেবেন। ওই রাতে তারা চারসাদ্দা ইন্টারচেঞ্জের কাছে থাকবেন। বৃহস্পতিবার চারসাদ্দা ও মোহমান্দ থেকে আসা কাফেলা এতে যুক্ত হবে।

মুখ্যমন্ত্রী জানান, ৮ অক্টোবর পুরো খাইবার পাখতুনখাওয়ার মানুষ খাইরাবাদে এসে সমবেত হবেন। লং মার্চের পরবর্তী পর্যায়ের ঘোষণা এই খাইরাবাদ থেকেই দেয়া হবে।