সারাওয়াক ট্রেড ফেয়ার
মালয়েশিয়ার ‘সারাওয়াক ট্রেড ফেয়ার’-এ বাংলাদেশের অংশগ্রহণ। নয়া দিগন্ত

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘সারাওয়াক ট্রেড ফেয়ার (এসটিএফ) ২০২৬’ এবং ‘পাদা ওয়ান ডিসকভারি ফেস্টিভ্যাল ২০২৬’। আন্তর্জাতিক এই বাণিজ্য ও সাংস্কৃতিক মেলায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। 

Advertisement

তিন দিনব্যাপী (২ থেকে ৪ অক্টোবর) আয়োজিত আন্তর্জাতিক মানের এ মেলায় আয়োজক দেশসহ বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও পশ্চিম মালয়েশিয়ার প্রায় ৮০টি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা তাদের বৈচিত্র্যময় পণ্য ও সেবা তুলে ধরছেন।

মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাওয়াকের ডেপুটি প্রিমিয়ার এবং জনস্বাস্থ্য, গৃহায়ন ও স্থানীয় সরকার মন্ত্রী প্রফেসর ড. সিম কুই হিয়ান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সারাওয়াক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসএমএ) সভাপতি পিটার চাই মুই সেং এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পাদা ওয়ান মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলর তান কাই। 

অনুষ্ঠানে দেশি-বৈদেশিক ব্যবসায়ী, উদ্যোক্তা এবং পর্যটন ও শিল্প খাতের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা স্থাপিত বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশি প্রতিষ্ঠান ‘পিনাকল এসডিএন বিএইচডি’ এর বুথগুলো ঘুরে দেখেন। 

এ সময় ডেপুটি হাইকমিশনার সারাওয়াকের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন ও সংস্কৃতির বিকাশ এবং দু’দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।