ঘটনাস্থল
ঘটনাস্থল । সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেআগর সমুদ্রসৈকতে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পুনে জেলার একটি বেসরকারি কোচিং সেন্টারের ৪৮ সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে শিক্ষাসফরে গিয়েছিল। দলটিতে ২৫ ছাত্র, ১৭ ছাত্রী এবং ছয় শিক্ষক ছিলেন। এদের মধ্যে আট শিক্ষার্থী সমুদ্রে নামে এবং পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে তারা স্রোতে ভেসে যায়।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবার বয়স ১৬ বছর। 

ঘটনার পরপরই দিভেআগরের ‘ভাউ মারুতি সালুঙ্খে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুঙ্খে তার দল নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দলটি আট শিক্ষার্থীরই লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় লাশগুলো নিজেদের হেফাজতে নেয়। 

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এ ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। 

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে বলেন, ওই কোচিং সেন্টারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। 

তিনি জানান, রাজ্য সরকার শিগগিরই শিক্ষাসফরের জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে।

সূত্র : এনডিটিভি