ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা
ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা । সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত তিন দিনে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। সেখানে ২৪ কোটিরও বেশি মানুষ বসবাস করেন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মৌসুমি বায়ু বা বর্ষাকালে রাজ্যটি প্রায়ই ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের কবলে পড়ে।

এক বিবৃতিতে ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে উত্তর প্রদেশের এক হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই সময়ে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭ দশমিক ৬ মিলিমিটার ছিল।

ভারতের আবহাওয়া দফতর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ধরনকে এর কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

সূত্র : এএফপি