
ভারতের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ৮৩ বয়সে তিনি ইন্তেকাল করেন। আজ বিকেল ৩টায় জামিয়া মিল্লিয়ার জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।
কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী বিগত প্রায় ৫০ বছর ধরে এই মসজিদে ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন। তার ইন্তেকালের মাধ্যমে ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাসের একটি অধ্যায়ের সপাপ্তি হলো।
তিনি জামিয়ার স্কুল বিভাগেও একসময় শিক্ষকতা করেছেন। স্থানীয়রা তাকে সম্মান দিয়ে ‘হজরত আকদাস’ নামে সম্মোধন করতেন। তার জন্মস্থান মেওয়াতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মসজিদের পাশেই অত্যন্ত জীর্ণ এক বাড়িতে জীবনযাপন করেছেন।
কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মিল্লিয়ার ইসলামিক স্টাডিজের প্রফেসর মুফতি মোহাম্মদ মুশতাক তিজারাবি। তিনি বলেন, ‘কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী জ্ঞানী ও সমৃদ্ধ একজন ব্যক্তি ছিলেন। বহু মানুষ এমন ছিলেন, যারা দূরদূরান্ত থেকে বিশেষত, জুমার দিনে তার ইমামতিতে নামাজ পড়তে ও তার খোতবা শুনতে জামিয়া মিল্লিয়ার মসজিদে আগমন করতেন। তিনি ছিলেন আমাদের কাছে অত্যন্ত সম্মানিত।’







