
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক ফল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এর প্রভাবে বুধবার এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
ওয়াল স্ট্রিটের বড় প্রতিষ্ঠান মাইক্রোসফট ও অ্যালফাবেটের আর্থিক ফল প্রকাশের আগেই এ উত্থান দেখা গেল।
এদিকে ইসরাইলের নির্বাচনের ফলের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এই ফলের ওপর দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। এ পরিস্থিতিতে তেলের দামও বেড়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চলতি মাসে বিপুল বিনিয়োগ ব্যয়, মুনাফার সম্ভাবনা ও কোম্পানিগুলোর আর্থিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগে প্রযুক্তি খাতে সামান্য অস্থিরতা দেখা দিয়েছিল। তবে এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে।
চিপ উৎপাদন খাতের উত্থানে অগ্রণী ভূমিকা রাখা এসকে হাইনিক্স বুধবার জানায়, উন্নত সেমিকন্ডাক্টরের ব্যাপক চাহিদার কারণে তৃতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ৬৩২ শতাংশ বেড়ে ৬২.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, টানা ছয় প্রান্তিকে তাদের আয় ও পরিচালন মুনাফা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস লিখেছেন, ‘ওয়াল স্ট্রিটে যখন এআই প্রতিযোগিতার বিপুল ব্যয়ের অর্থায়ন অব্যাহত রাখা সম্ভব কি না, তা নিয়ে বিতর্ক চলছে, তখন এসকে হাইনিক্স বাজারকে মনে করিয়ে দিয়েছে—এই বিপুল মূলধনি ব্যয়ের অন্য প্রান্তে কেউ একজন এর বিনিময়ে অর্থ পাচ্ছে।’
অ্যানথ্রপিকের আর্থিক বিবরণীও এ খাত নিয়ে আশাবাদ বাড়িয়েছে। ক্লড এআইয়ের মূল প্রতিষ্ঠান অ্যানথ্রপিক সোমবার শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনার জন্য দাখিল করা নথিতে জানায়, চলতি বছরের প্রথমার্ধে তাদের আয় প্রায় ১ হাজার ৩০০ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি সামনে বড় অঙ্কের মূলধনি ব্যয়ের পরিকল্পনার কথাও জানিয়েছে।
এরপর মঙ্গলবার ব্রডকম সিটি, ব্ল্যাকস্টোন ও মরগ্যান স্ট্যানলির সাথে যৌথভাবে অ্যানথ্রপিকের সক্ষমতা বাড়াতে নতুন অবকাঠামো নির্মাণের জন্য ৬৩ বিলিয়ন ডলারের অর্থায়ন কাঠামো ঘোষণার কথা জানায়।
পেপারস্টোনের ক্রিস ওয়েস্টন বলেন, ‘অ্যানথ্রপিকের নথি এআই খাতে বিনিয়োগের প্রবণতাকে নিঃসন্দেহে নতুন গতি দিয়েছে। তাদের অসাধারণ আয় বৃদ্ধি, কম্পিউটিং ব্যয়ের দক্ষতা উন্নত হওয়া এবং ভবিষ্যৎ অবকাঠামোয় বড় বিনিয়োগের প্রতিশ্রুতি এআই সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে আরো জোরালো করেছে।’
বুধবার এসকে হাইনিক্সের শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার আর্থিক ফল প্রকাশ করতে যাওয়া দক্ষিণ কোরিয়ার আরেক চিপ নির্মাতা স্যামসাংয়ের শেয়ারও ৮ শতাংশের বেশি বেড়েছে। এতে সিউলের কোস্পি সূচক ৬ শতাংশের বেশি ঊর্ধ্বমুখী হয়েছে।
জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ১ শতাংশের বেশি। দেশটির চিপ নির্মাতা কিওক্সিয়ার শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। অ্যাডভানটেস্টের শেয়ার বেড়েছে ৩ শতাংশ এবং টোকিও ইলেকট্রনের ৪ শতাংশ।
চিপ নির্মাতা টিএসএমসির শক্তিশালী পারফরম্যান্সে তাইওয়ানের শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের বাজারেও শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নিউইয়র্কের শেয়ারবাজারেও আগের দিনের উত্থানের ধারাবাহিকতা দেখা গেছে। নাসডাক সূচক বেড়েছে ১ শতাংশের বেশি।
বুধবার দিনের শেষ দিকে মাইক্রোসফট ও অ্যালফাবেটের আর্থিক ফল প্রকাশের কথা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হবে অ্যামাজন, অ্যাপল ও ইন্টেলের ফল।
তবে বিনিয়োগকারীরা বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সিদ্ধান্তের অপেক্ষায়ও রয়েছেন।
গত মাসে সুদের হার বাড়ানোর পর এবার ফেডারেল রিজার্ভের নীতি অপরিবর্তিত রাখার প্রত্যাশা করা হচ্ছে। তবে বৈঠক-পরবর্তী বিবৃতি এবং সংস্থাটির প্রধান কেভিন ওয়ার্শের বক্তব্য থেকে ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত খুঁজবেন বিনিয়োগকারীরা। বাজারে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর প্রত্যাশা রয়েছে।
ইসরাইলের সাধারণ নির্বাচনের ফল আসতে শুরু করলে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়।
জনমত জরিপে নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও প্রধানমন্ত্রী নতুন জোট সরকার গঠনের অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের ‘অস্তিত্বের হুমকি’ দূর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করতে পারেন।
এর আগে বিরোধী প্রার্থী গাদি আইজেনকট বলেন, দেশ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং তিনি নতুন সরকার গঠনের চেষ্টা করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








