
যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকমের (Ofcom) অনলাইন সুরক্ষা বিধিমালা চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে হেরে গেছে বিশ্বের তিন বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, টিকটক ও এক্স।
শুক্রবার (৩০ অক্টোবর) লন্ডনের হাইকোর্ট প্রতিষ্ঠানগুলোর করা মামলাটি খারিজ করে দেন। এর মধ্য দিয়ে কোম্পানি তিনটি আরো একটি আইনি বিপর্যয়ের মুখে পড়ল।
এই আইনি লড়াইয়ের মূল বিষয় ছিল যুক্তরাজ্যের অনলাইন সুরক্ষা আইনের অধীনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে অফকমের কঠোর তথ্য চাওয়ার ক্ষমতা।
২০২৩ সালে পাস হওয়া এই আইনের আওতায় মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে শিশুদের অবৈধ ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষায় নির্ধারিত কঠোর মানদণ্ড মেনে চলতে হয়।
বিশেষ করে শিশু ও কমবয়সীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিকর বিষয়বস্তুর প্রচার রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে আইন মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে অফকম ক্রমেই কঠোর অবস্থান নিয়েছে।
আইন লঙ্ঘনের দায়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গুরুতর অপরাধের ক্ষেত্রে তাদের বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
গত ফেব্রুয়ারিতে অফকম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে বিস্তারিত তথ্য চেয়ে নোটিশ জারি করে। এসব তথ্যের মধ্যে ছিল ক্ষতিকর পোস্ট অপসারণ, সেগুলোর দৃশ্যমানতা সীমিত করা এবং ব্যবহারকারীরা কতটা ক্ষতিকর বিষয়বস্তুর মুখোমুখি হচ্ছেন, সে-সংক্রান্ত পরিসংখ্যান।
তবে মেটা, টিকটক ও এক্স এসব তথ্য চাওয়ার নোটিশকে নজিরবিহীন নিয়ন্ত্রক চাপ হিসেবে উল্লেখ করে আদালতে চ্যালেঞ্জ জানায়। তাদের দাবি ছিল, এ ধরনের তথ্য সরবরাহের বাধ্যবাধকতা প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে।
কিন্তু লন্ডনের হাইকোর্ট তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে যুক্তরাজ্যের অনলাইন সুরক্ষা আইন বাস্তবায়নে অফকমের কঠোর অবস্থান আরো শক্তিশালী হলো।
আদালতের এই রায়ের বিষয়ে এখন পর্যন্ত মেটা, টিকটক ও এক্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : দ্য নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








