মাওলানা আযহার মাদানি
বয়ান করছেন মাওলানা আযহার মাদানি। নয়া দিগন্ত

কক্সবাজারের ইমাম বুখারি রহ : মসজিদ কমপ্লেক্স ও জামিয়াতুল ইমাম মুসলিম রহ:-তে  হাদিসের দরস প্রদান করেছেন ভারতের প্রসিদ্ধ আলেম আওলাদে রাসূল সা: মাওলানা আযহার মাদানি। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সহিহ মুসলিমে সংকলিত ঐতিহাসিক ‘হাদিসে জিবরাইল’র তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। এ সময় তাকে বিশেষ সংবর্ধনাও দেয়া হয়। 

ঈমান, ইসলাম ও ইহসানের মৌলিক শিক্ষা তুলে ধরে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের সামনে দেয়া মাওলানা আযহার মাদানির বয়ান—

হাদিসে জিবরাইল : ঈমানের ছয়টি মৌলিক বিষয় আলোচনায় আল্লামা আযহার মাদানি হজরত উমর ইবনুল খাত্তাব রা: বর্ণিত হাদিসে জিবরাইলের আলোকে ঈমান, ইসলাম ও ইহসানের মৌলিক পরিচয় তুলে ধরেন।

সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে বর্ণিত এ হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সা: সাহাবিদের সাথে বসে ছিলেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাঁর পরনে ছিল ধবধবে সাদা পোশাক এবং চুল ছিল ঘন কালো। তাঁর মধ্যে সফরের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। সাহাবিদের কেউ তাঁকে চিনতে পারেননি।

তিনি রাসূলুল্লাহ সা:-এর সামনে বসে ইসলাম, ঈমান ও ইহসান সম্পর্কে একের পর এক প্রশ্ন করেন।

ঈমান সম্পর্কে প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সা: বলেন, ঈমান হলো—আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলদের প্রতি, আখিরাতের দিনের প্রতি এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।

হাদিসের এ অংশে ঈমানের ছয়টি মৌলিক ভিত্তি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

ইসলাম সম্পর্কে নবীজির শিক্ষা
ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সা: বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সা: আল্লাহর রাসূল—এ সাক্ষ্য দেয়া, সালাত প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে পবিত্র কাবা ঘরে হজ পালন করাই ইসলাম।

ইহসান: আল্লাহর উপস্থিতির অনুভূতি নিয়ে ইবাদত
ইহসান সম্পর্কে রাসূলুল্লাহ সা: বলেন—
‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে তিনি তো তোমাকে দেখছেন।’

এ শিক্ষার মাধ্যমে মানুষের প্রতিটি কাজ, ইবাদত ও আচরণে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, একনিষ্ঠতা এবং জবাবদিহির চেতনা ধারণের গুরুত্ব ফুটে ওঠে।

কিয়ামতের আলামত সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা
হাদিসে জিবরাইলে কিয়ামত সংঘটিত হওয়ার সময় সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সা: জানান, এ বিষয়ে প্রশ্নকারী ও যাঁকে প্রশ্ন করা হচ্ছে—কেউই অপরজনের চেয়ে বেশি অবগত নন। তবে তিনি কিয়ামতের কয়েকটি আলামতও বর্ণনা করেন।

হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সা: হজরত উমর রা:-কে জানান, প্রশ্নকারী ব্যক্তি ছিলেন ফেরেশতা জিবরাইল আ:। তিনি মানুষের সামনে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিতে এসেছিলেন।

দ্বীনি জ্ঞানচর্চায় বিশেষ তাৎপর্য
হাদিসে জিবরাইল ইসলামের অন্যতম মৌলিক ও তাৎপর্যপূর্ণ হাদিস। এতে ইসলাম, ঈমান ও ইহসানের সমন্বিত শিক্ষা তুলে ধরা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের সামনে এ হাদিস উপস্থাপনের মাধ্যমে দ্বীনি শিক্ষার পাশাপাশি বিশুদ্ধ আকিদা, সঠিক আমল, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের গুরুত্বও বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

মাওলানা আযহার মাদানির এ দ্বীনি আলোচনা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিদের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো জানার এবং অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় পর্ব হয়ে ওঠে।

শায়খুল ইসলাম মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানি রহ:-এর দৌহিত্র মাওলানা সাইয়্যেদ আযহার মাদানির শুভাগমন ও সংবর্ধনা উপলক্ষে জামিয়াতুল ইমাম মুসলিম রহ: কক্সবাজার অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।